যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সালামানকা হাইস্কুলে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এর আওতায় স্কুলটিতে একটি মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এক শিক্ষক-সহকারী আনা হচ্ছে। স্কুলটি সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলে অবস্থিত।
তবে এই প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন শিক্ষকেরা। তাঁরা এ উদ্যোগকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন। শিক্ষকদের দাবি, মানুষের মতো দেখতে রোবট এনে শিক্ষকতা পেশার অবমূল্যায়ন করা হচ্ছে। স্থানীয় আদিবাসীদের একাংশও এই প্রকল্পের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সংস্কৃতির প্রতি চরম উদাসীনতার শামিল।
রোবটটির নাম ‘স্যালি’। এর দাম পড়েছে ৫৭ হাজার ৫৯০ মার্কিন ডলার। এটি মূলত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করবে। যেসব শিক্ষার্থীর রোবটটি ব্যবহারের অনুমতি থাকবে, তারা দিনে ২৪ ঘণ্টাই ভার্চ্যুয়ালি এটির সহায়তা নিতে পারবে। এটি শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করবে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে।
রোবটটি তৈরি করেছে রিয়েলবোটিকস নামের টরন্টোভিত্তিক একটি কোম্পানি। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সালামানকা হাইস্কুলের পরিচালনাকারী ক্যাটারাগাস কাউন্টি স্কুল ডিস্ট্রিক্ট যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ও এআই শিক্ষক-সহকারী ব্যবহার করতে যাচ্ছে। সালামানকার পাইলট প্রকল্পে রিয়েলবোটিকস এম-সিরিজের একটি হিউম্যানয়েড রোবট থাকছে। এটি স্বাভাবিক কথোপকথন, মুখের অভিব্যক্তি ও তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেবে।
সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ওই হাইস্কুলের শিক্ষক লেসি পিহলব্লাড বলেন, ‘রিয়েলবোটিকস যে সফটওয়্যার ব্যবহার করছে, তার নিরাপত্তা নিয়ে আমরা বেশ চিন্তিত। শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করা হবে কি না, কীভাবে এসব তথ্য সংগ্রহ করা হবে এবং রোবটটির রেকর্ডিং ক্ষমতা কেমন সেসব বিষয়েও আমাদের শঙ্কা রয়েছে। আমরা চাই স্কুল ডিস্ট্রিক্ট আপাতত রোবটটির ব্যবহার স্থগিত রাখুক। এই এআই প্রযুক্তির সফটওয়্যারের ব্যবহারও বন্ধ রাখা উচিত। এ বিষয়ে আরও মানুষের মতামত নেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।’
লেসি পিহলব্লাড জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্য বর্তমানে শ্রেণিকক্ষে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার থেকে সরে আসছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রযুক্তির ব্যবহার কমানো উচিত—এমন মত এখন জোরালো হচ্ছে। আমি মনে করি, শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে যোগাযোগের জন্য একটি হিউম্যানয়েড রোবট বসানোটা চরম ভুল সিদ্ধান্ত। আমাদের অধিকাংশ শিক্ষকেরও একই মত।’
সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশনের মূল সংগঠন ‘নিউইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্স’। এর সভাপতি মেলিন্ডা পারসন গার্ডিয়ানকে বলেন, শিক্ষার্থীদের সামনে একটি প্রাণহীন যন্ত্র দাঁড় করিয়ে দেওয়াটা মোটেও ভালো কোনো বুদ্ধি নয়। অল্প বয়সী ছেলেমেয়েরা কেবল মানুষের সঙ্গে মিশতে, বন্ধুদের সঙ্গে থাকতে এবং দ্বন্দ্ব মেটাতে শিখছে। এমন সময়ে মানুষের সম্পর্কের অনুকরণ করতে পারে এমন একটি যন্ত্রকে তাদের সামনে আনা হচ্ছে। মানুষের মতো দেখতে একটি রোবটকে এভাবে শ্রেণিকক্ষে আনলে তা শিক্ষকতা পেশাকে চরমভাবে অবমূল্যায়ন করবে।
হিউম্যানয়েড রোবট পরীক্ষার জন্য উল্লেখযোগ্যসংখ্যক আদিবাসী শিক্ষার্থী থাকা একটি হাইস্কুলকে বেছে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ওই হাইস্কুলের শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশই আদিবাসী আমেরিকান। এ বিষয়ে সেনেকা জাতিগোষ্ঠীর নেতারা গার্ডিয়ানের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।