সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চট্টগ্রামে কলা চুরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, একজনের লাশ উদ্ধার
চট্টগ্রামে কলা চুরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, একজনের লাশ উদ্ধার

চট্টগ্রামে কলা চুরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, একজনের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির অভিযোগে মারামারির পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ তোহা (৪৫)। তিনি ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া ‘অ্যাডভোকেট ক্লার্কস’ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কলা চুরির বিষয়ে তোহা রাস্তায় প্রতিবেশী এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসা করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে কিল-ঘুষি ও টর্চলাইটের আঘাতে তোহার মৃত্যুর এ ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে মোহাম্মদ তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হয়। এ ঘটনায় তিনি প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সন্দেহ করেন। পরে তিনি রাতে চুরির বিষয়ে জানতে এজাহার মিয়ার বাড়িতে যান। কথা–কাটাকাটির সময় মারধরে গুরুতর আহত তোহাকে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশার চালক মহিউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, রাতে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে ঝগড়া হচ্ছে দেখতে পান। এজাহার মিয়ার ঘর তল্লাশি করতে চেয়েছিলেন মোহাম্মদ তোহা। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। তোহা মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তিনি তোহাকে হাসপাতালে নিয়ে যান।

তোহার ভগ্নিপতি মোহাম্মদ সুমন অভিযোগ করেন, এজাহার মিয়ার পরিবারের সদ্যসরা গাছের কলা চুরি করেছে, এ ঘটনার প্রত্যক্ষদর্শী আছে।

এদিকে এ ঘটনার পর এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আর পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক।

About Editor Todaynews24

Check Also

ইতালিতে ভয়াবহ ভূমিকম্পের আঘাত

ইতালিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে দেশটির তৃতীয় বৃহত্তম শহর এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাম্পানিয়ার রাজধানী নেপলস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *