সর্বশেষ খবর
Home / সকল আপডেট / খাবার আনতে বলে আর দরজা খুললেন না, রাতে উদ্ধার সিরিয়ার নাগরিকের মরদেহ
খাবার আনতে বলে আর দরজা খুললেন না, রাতে উদ্ধার সিরিয়ার নাগরিকের মরদেহ

খাবার আনতে বলে আর দরজা খুললেন না, রাতে উদ্ধার সিরিয়ার নাগরিকের মরদেহ

পটুয়াখালী পৌরসভার একটি ভাড়া বাসা থেকে সিরিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পৌরসভার নবাবপাড়া এলাকার একটি বাসা থেকে সদর থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম মাজেন আল খতিব (৭৩)। তিনি সিরিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।

বাড়ির মালিক কে এম শাহাদাত হোসেন জানান, প্রায় চার মাস আগে মাজেন আল খতিব তাঁর বাসার নিচতলা ভাড়া নিয়ে একা বসবাস করতেন। শুক্রবার রাতে তাঁর শ্যালিকা মোসা. তানিয়া আক্তার রাতের খাবার নিয়ে বাসায় আসেন। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ দেখে তিনি অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি তাঁকে জানান। পরে তিনি সদর থানার পুলিশকে খবর দেন। এরপর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব বাহাদুর পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

মাজেন আল খতিব সিরিয়া ও বাংলাদেশের নাগরিক ছিলেন বলে জানান তাঁর ছেলে হাসান আল খতিব (৪৩)। তিনি বলেন, তাঁর বাবা ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশে আসেন। কিছুদিন ঢাকায় অবস্থান করার পর পটুয়াখালীতে বসবাস শুরু করেন। তিনি বলেন, ‘আমরা তাঁর সঙ্গে ছিলাম না। তাই প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করার সুযোগ নেই।’

মোসা. তানিয়া আক্তার সদর উপজেলার মাদারবুনিয়ার বাসিন্দা। তিনি জানান, মাজেন আল খতিব তাঁর বড় বোনের স্বামী। তিনি জেলা শহরের নবাবপাড়া এলাকায় একটি বেসরকারি ক্লিনিক পরিচালনা করতেন। সে কারণে তিনি এখানে বসবাস করতেন। মাঝেমধ্যে তিনি সিরিয়ায় চলে যেতেন। কিছুদিন পর আবার চলে আসতেন।

তানিয়া বলেন, ২০০৬ সালে তাঁর বোন মারা যাওয়ার পর তিনি ভগ্নিপতির দেখাশোনা করতেন। গতকাল শুক্রবার ভগ্নিপতি তাঁকে ফোন করে বাসা থেকে খাবার রান্না করে আনতে বলেন। তিনি রাতে খাবার নিয়ে বাসায় আসেন। এ সময় বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ওই ব্যক্তির ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

এইচবিএল বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার আলমগীর মোরশেদ

এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় আঞ্চলিক ব্যাংক হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল), বাংলাদেশ তাদের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে জনাব আলমগীর মোরশেদের নাম ঘোষণা করেছে। তিনি গত ১৬ জুলাই ২০২৬ তারিখ থেকে এই পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *