মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন কমিটি’র ওয়ার্ড পর্যায়ের চারজনকে আজীবন বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে লালমনিরহাট সদর থানা-পুলিশ শনিবার বিকেলে ওই চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তাঁরা হলেন লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিণচড়া গ্রামের আতিয়ার রহমান, আনারুল ইসলাম, মো. আবদুর রাজ্জাক ও জাহেদুল ইসলাম।
এর আগে শুক্রবার দিবাগত রাত একটার দিকে ফেসবুকে লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই কমিটির ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়ক খায়রুজ্জামান মণ্ডল তাঁর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তি থেকে ওই চারজনকে বহিষ্কারের তথ্য পাওয়া যায়।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ মাদকের সঙ্গে জড়িত থাকায় তাঁদের সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আটক চারজনকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।