🔥 রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
📰 Today News 24 | আজকের খবর
ঢাকার কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম ও ম্যাট্রেস তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, পাশাপাশি থাকা দুটি সেমিপাকা ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানায় রিসাইকেলিং ফোম, ম্যাট্রেসের কাপড় ও টায়ার জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।
আগুন নেভানোর সময় অতিরিক্ত তাপে এক ফায়ার ফাইটার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের সমস্যার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।