সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আগস্টজুড়ে নানা উদ্যোগের পরিকল্পনা কার্যনির্বাহী সভায়
আগস্টজুড়ে নানা উদ্যোগের পরিকল্পনা কার্যনির্বাহী সভায়

আগস্টজুড়ে নানা উদ্যোগের পরিকল্পনা কার্যনির্বাহী সভায়

দেশব্যাপী চলছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ। এরই মধ্যে অনেক বন্ধুসভা এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। যারা বাকি আছে তারাও সার্বিক প্রস্তুতি নিয়েছে। ২৩ জুলাই সন্ধ্যায় বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ২০২৬–২৭–এর ষষ্ঠ কার্যনির্বাহী সভায় এ বিষয়টি উঠে আসে। পাশাপাশি সারা দেশের স্থানীয় যেসব বন্ধুসভা এখনো বৃক্ষরোপণ বাস্তবায়ন করেনি, কীভাবে তাদের উদ্বুদ্ধ করা যায়, সে বিষয়ে নানা পরামর্শ দেন জাতীয় পর্ষদের সদস্যরা।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই সভার আলোচ্য বিষয় পেশ করেন সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। এরপর সেই অনুযায়ী আলোকপাত করা হয়।

দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন কার্যক্রমের সমন্বয়ক নাফিউর নূর। জানান এখন পর্যন্ত কয়টি বন্ধুসভা এই কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং কতগুলো গাছ রোপণ হয়েছে। এ সময় সভাপতি জাফর সাদিক বলেন, ‘বৃক্ষরোপণের সংখ্যা আরও বাড়াতে হবে। সেই সঙ্গে রোপণকৃত গাছের পরিচর্যায় বেশি গুরুত্ব দিতে হবে।’

বেশি বেশি বৃক্ষরোপণে বন্ধুদের কীভাবে আরও উদ্বুদ্ধ করা যায়, এ নিয়ে বিশেষ প্রস্তাবনা রাখেন উপদেষ্টা মাহবুব পারভেজ, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক ও সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী।

বন্ধুসভার আরেকটি কার্যক্রম মুভি স্ক্রিনিং ও রিভিউ প্রতিযোগিতা। এ বিষয়ে কথা বলেন সহসভাপতি নূর–ই আলম। আগামীতে কী মুভি দেখা যায়, সে বিষয়ে প্রস্তাবনা দেন তিনি। অন্যরাও এতে সায় দেন। পাশাপাশি ওই দিন আগে স্ক্রিনিং হওয়া ‘দম’ মুভির রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। ফলাফল এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে। শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

আগামী ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। দিনটি এ বছর অনাড়ম্বরভাবে উদ্‌যাপন করবে বন্ধুসভা। থাকবে বিতর্ক প্রতিযোগিতা ও প্যানেল আলোচনা। সমন্বয় করবেন বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক কামরুল ইসলাম। অংশ নেবে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।

লেখালেখি নিয়ে বন্ধুসভা সব সময় তরুণদের উৎসাহ দিয়ে আসছে। পাশাপাশি নতুন লেখক সৃষ্টিতে ভূমিকা রাখছে। তারই অংশ হিসেবে চলছে বন্ধুসভার ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা। এরই মধ্যে কর্মশালার দুটি সেশন অনুষ্ঠিত হয়েছে। আরও দুটি সেশন অনুষ্ঠিত হবে। সব কটি সেশন সফলভাবে সম্পন্নকারী লেখক বন্ধুদের নিয়ে আগামী ২৮ আগস্ট ঢাকায় দিনব্যাপী লেখক বন্ধু উৎসব অনুষ্ঠিত হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এ বিষয়ে বিস্তারিত কথা বলেন বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী।

এখন চলছে বর্ষাকাল। মৌসুমটিকে উদ্‌যাপন করার প্রস্তুতি নিচ্ছে বন্ধুসভা। এবারের উৎসব অনুষ্ঠিত হবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সভায় এ বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাব পেশ করেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট।

সভায় চিঠি উৎসব আয়োজন, মতামত ও উপসম্পাদকীয়–বিষয়ক বিশেষ কর্মশালা আয়োজন এবং আসন্ন জিপিএ–৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া গত ছয় মাসে সারা দেশের স্থানীয় বন্ধুসভাগুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যায় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে চট্টগ্রাম, পটিয়া, চকরিয়া, কক্সবাজার ও গোবিপ্রবি বন্ধুসভার বন্ধুদের কাজের প্রশংসা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম, অর্থ সম্পাদক শাকিব হাসান, দপ্তর সম্পাদক আলাদিন আল আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাহফুজার রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. কাভী সিকান্দার আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হুসাইন আল মামুন, কার্যনির্বাহী সদস্য তাপসী রায় ও শাহরিয়ার নাজিম সীমান্ত, এবং ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক অনিক সরকার। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান।

About Editor Todaynews24

Check Also

বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিনিয়োগনির্ভর ও কর্মসংস্থানভিত্তিক অর্থনীতি গড়তে অর্থ পাচার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ঢাকায় এক আলোচনায় তিনি এ কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *