চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে বিশ্ব বাজারে বাংলাদেশ থেকে ২ হাজার ৪৫৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৮৮ কোটি ডলারের পণ্য ছিল তৈরি পোশাক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রফতানি বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৮৪ শতাংশ। এ সময়ে রফতানির অর্থমূল্য ছিল ২ হাজার ৪৫৩ কোটি ৩৫ লাখ ডলার।
আলোচ্য সময়ে, মোট রফতানিতে সবচেয়ে বড় অবদান রাখা পণ্য পোশাকের অংশ ছিল ৮১ শতাংশ। এ পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ। অন্যান্য প্রধান খাত যেমন চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত এবং জীবন্ত মাছ এবং প্লাস্টিক পণ্য রফতানিতেও প্রবৃদ্ধি হয়েছে। রফতানি কমেছে পাট ও পাটজাত পণ্যের।