সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রাজবাড়ীতে ‘মারামারির ভিডিও ধারণ করায়’ সাংবাদিককে মারধর
রাজবাড়ীতে ‘মারামারির ভিডিও ধারণ করায়’ সাংবাদিককে মারধর

রাজবাড়ীতে ‘মারামারির ভিডিও ধারণ করায়’ সাংবাদিককে মারধর

রাজবাড়ীর পাংশায় মারামারির ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক মো. আকাশ মাহমুদ (২৫) দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার এবং অনলাইন পোর্টাল এনপিবির রাজবাড়ী জেলা প্রতিনিধি।

এ ঘটনায় কলেজশিক্ষার্থী সাগর শিকদারসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সাংবাদিক আকাশ মাহমুদ ও কলেজশিক্ষার্থী সাগর শিকদারকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আকাশ মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার অটোরিকশাচালকেরা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ছাত্র প্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে যান। কথা বলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে চালকেরা সংঘবদ্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা করেন। ঘটনাটি আমি মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে আমার ওপর হামলা করেন তাঁরা। তাঁরা আমার ফোন থেকে ভিডিও ডিলিট করে আবারও আক্রমণ করেন। পরে আমি দৌড়ে কোনোভাবে প্রাণে রক্ষা পাই।’

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার নাদুরিয়া ঘাটে এক নারী যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে এক অটোরিকশাচালকের বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে গতকাল বিকেলে কলেজশিক্ষার্থীরা মৈশালা বাসস্ট্যান্ডে এসে যাত্রীদের নামিয়ে দিয়ে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। এ নিয়ে চালকদের সঙ্গে তাঁদের উত্তেজনার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ছবি তুলতে গেলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

ওসি জানান, নারী যাত্রীর সঙ্গে খারাপ আচরণের বিষয়ে অটোরিকশাচালককে আটক করে থানায় নেয় পুলিশ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

চেয়ারম্যান-এমডি মিলে গিলে খাচ্ছে এনআরবিসি ব্যাংক

দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম এনআরবিসি ব্যাংক পিএলসিকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। পরিচালনা পর্ষদ পুনর্গঠন, করপোরেট সুশাসন লঙ্ঘন, অতিরিক্ত ব্যয়, নিয়োগে স্বজনপ্রীতি, শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ সীমিত করা এবং ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির মতো নানা অভিযোগ উঠে এসেছে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তৌহিদুল আলম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *