- Today News 24
🔴 ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, দক্ষিণ বনশ্রীর বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় দেড় লাখ টাকা
রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসিন্দা সুধন চন্দ্র বর্মন ভয়ংকর এক প্রতারণার শিকার হয়েছেন। ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন করে তাঁর কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় দেড় লাখ টাকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটের দিকে সুধন চন্দ্র বর্মনের মোবাইল ফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যাংক হিসাবের কাগজপত্র হালনাগাদের কথা বলেন। কথোপকথনের একপর্যায়ে তিনি জন্মতারিখসহ কিছু ব্যক্তিগত তথ্য জানতে চান। ব্যাংকের কর্মকর্তা মনে করে সুধন চন্দ্র সেই তথ্য দিয়ে দেন।
কিছুক্ষণ পরই তাঁর ব্র্যাক ব্যাংকের হিসাব থেকে ‘অ্যাড মানি’ পদ্ধতিতে দুটি আলাদা নম্বরে মোট ১ লাখ ২৪ হাজার ৯৯৭ টাকা স্থানান্তর করা হয়। মোবাইলে টাকা কেটে নেওয়ার বার্তা পেয়ে তিনি হতভম্ব হয়ে পড়েন। পরে দ্রুত ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া ব্যাংক কর্মকর্তার দেওয়া অন্য নম্বরেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার পর সুধন চন্দ্র বর্মন রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, প্রতারকরা খুব কৌশলে ব্যাংকের কর্মকর্তা সেজে তাঁর আস্থা অর্জন করে এবং মুহূর্তের মধ্যেই টাকা হাতিয়ে নেয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রতারকদের শনাক্ত এবং অর্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
সম্প্রতি দেশে মোবাইল ও অনলাইন ব্যাংকিং প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে ফোনে ব্যাংক সংক্রান্ত কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে।