শৈশব কি ফিনকি দেওয়া জোছনার ঝিলিক?
কাটা ঘুড়ি হয়ে ওড়ে, উড়তেই থাকে,
সমতল পিছু ডাকে—আয় বাছা নেমে আয়
সেই ডাক–প্রতিধ্বনি কিছুতেই মরমে পশে না!
শৈশব কি ছেড়ে যাওয়া হাত? রাঙা অভিমান?
আরক্তিম প্রথম চুম্বন? কম্পিত যে শিহরণ
ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় দূরত্ব–মোকামে
বিরতি বা যতি নাই, ভুলেও তো থেমে পড়া নাই।
শৈশব কি গুম হওয়া স্বজনের জন্যে হাহুতাশ
কারও জন্যে কেঁপে ওঠে দখিনের ফেরারি বাতাস,
আছড়ে পড়ে নদীতট, ভাঙনের ধসে বিপর্যয়
এই বোধি সঞ্জীবিত, এই গ্রহে কেউ কারও নয়।