সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বাকিতে পণ্য না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, শ্রমিক দল নেতাকে অব্যাহতি
বাকিতে পণ্য না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, শ্রমিক দল নেতাকে অব্যাহতি

বাকিতে পণ্য না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, শ্রমিক দল নেতাকে অব্যাহতি

মানিকগঞ্জে বাকিতে যানবাহনের যন্ত্রাংশ না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জেলা শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্তকে সংগঠনটির পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

অভিযুক্ত শাহিন মিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল সোমবার জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাদের মিয়া ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লিটনের সই করা চিঠিতে তাঁর সাময়িক অব্যাহতির কথা জানানো হয়।
গত রোববার রাতে সদর থানায় শাহিন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী মানিক মিয়া।

লিখিত অভিযোগে বলা হয়, গত শনিবার রাত আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মানিক মিয়ার দোকানে গিয়ে বাকিতে যানবাহনের যন্ত্রাংশ চান শাহিন মিয়া। বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মানিককে গালাগাল করেন শাহিন এবং মারধরের হুমকি দেন। পরদিন রোববার বেলা ১১টার দিকে আবার দোকানে গিয়ে ব্যবসায়ীকে গালাগাল করেন শাহিন। এ সময় তাঁকে মারধর ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

জেলা শ্রমিক দলের দেওয়া নোটিশে বলা হয়, বাকিতে মালামাল কেনাকে কেন্দ্র করে দোকানির সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগটি সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনের আদর্শ, নীতি ও ভাবমূর্তির পরিপন্থী বলে মনে হয়েছে। এ জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহিন মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহিন মিয়া। তিনি বলেন, তিনি ওই দোকান থেকে দীর্ঘদিন ধরে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ কেনেন। পরিবহনশ্রমিকদেরও সেখান থেকে যন্ত্রাংশ কিনতে পাঠান। ব্যবসায়িক সম্পর্কের কারণে কথা–কাটাকাটি হয়েছে, তবে কাউকে হুমকি দেওয়া হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

About Editor Todaynews24

Check Also

এনজো ফার্নান্দেজ লাল কার্ডের পর মুখ খুললেন

আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *