জলবায়ু পরিবর্তনের ফলে গরমের মাত্রা দিন দিন সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে। আর তাই তীব্র গরম থেকে মানুষকে রক্ষা করতে তৈরি হচ্ছে এমন সব যন্ত্র, যা আগে শুধু কল্পনার রাজ্যে দেখা মিলত। এরই ধারাবাহিকতায় গরমের সময় মানুষের পুরো শরীর দ্রুত ঠান্ডা করতে বিশ্বে প্রথমবারের মতো ‘মানুষের জন্য ফ্রিজ’ তৈরি করেছে জাপানের এসডিআরএস ও ট্রাসকো।
‘দো হিয়েমন’ নামের যন্ত্রটি মূলত বিশাল আকারের ব্যক্তিগত কুলিং বক্স। প্রচণ্ড গরমের সময় দ্রুত পুরো শরীর ঠান্ডা করতে পারে যন্ত্রটি। সাধারণ ভেন্ডিং মেশিনের মতো দেখতে যন্ত্রটি প্রায় সাত ফুট লম্বা। চারপাশে পুরু স্টিল দিয়ে তৈরি বাক্সটির ভেতর ঢুকলে শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। এসডিআরএসের দাবি, বাক্সের ভেতর মাত্র পাঁচ মিনিট থাকলেই পুরো শরীরে বেশ ঠান্ডা অনুভূত হবে।
ট্রাসকোর তথ্যমতে, যন্ত্রটির ভেতরে মাত্র ১০ মিনিট সময় কাটালে হিটস্ট্রোকের সম্ভাবনা কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত গরমের জন্য তৈরি হওয়া ক্লান্তি দূর হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডা হওয়া ঠেকাতে ২০ মিনিট পর অটোমেটিক টাইমার দিয়ে বাতাস বন্ধের ব্যবস্থাও রাখা হয়েছে যন্ত্রটিতে। যন্ত্রটির দাম ধরা হয়েছে ৯ হাজার ১৩৯ ডলার বা ১১ লাখ ২৪ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৩ টাকা ধরে)।
জাপানে গ্রীষ্মকালীন তাপমাত্রার দাপট দিন দিন বাড়ছে। প্রতিবছর গড়ে দেড় হাজারের বেশি মানুষ দেশটিতে হিটস্ট্রোকে মারা যান। বর্তমানে দেশটির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। নতুন এই যন্ত্র খোলা স্থানে কাজ করা মানুষদের চরম দাবদাহ থেকে বাঁচাবে বলে আশা করছেন নির্মাতারা।
সূত্র: ডেইলি মেইল