১৯৬৯ সালের জুলাই। সীমান্তজুড়ে ধোঁয়া, আকাশে যুদ্ধবিমানের গর্জন, রাস্তায় আতঙ্কিত মানুষের ছুটে চলা। একদিকে সেনাবাহিনীর অগ্রযাত্রা, অন্যদিকে ঘরবাড়ি ছেড়ে পালানো হাজারো পরিবার। সংবাদপত্রের শিরোনামে তখন একটাই প্রশ্ন—একটি ফুটবল ম্যাচ কি সত্যিই দুই দেশকে যুদ্ধে ঠেলে দিতে পারে?
ইতিহাস এ ঘটনাকে চেনে ‘দ্য ফুটবল ওয়ার’ নামে। কিন্তু নামটি যতটা সরল, বাস্তবতা ততটাই জটিল। কারণ, যুদ্ধের আগুন কোনো ফুটবল মাঠে জ্বলেনি; সেই আগুন বহু বছর ধরে জমে ছিল রাজনীতি, অর্থনীতি, ভূমি–সংকট এবং অভিবাসন সমস্যার ভেতরে। বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ ছিল শুধু সেই আগুনের শেষ স্ফুলিঙ্গ।
১৯৬০-এর দশকে মধ্য আমেরিকার দুটি প্রতিবেশী দেশ—এল সালভাদর ও হন্ডুরাস সম্পর্কের দিক থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছিল। আয়তনে ছোট হলেও এল সালভাদরের জনসংখ্যা ছিল অনেক বেশি। কৃষিজমির সংকট এবং কর্মসংস্থানের অভাবে প্রায় তিন লাখ সালভাদোরীয় প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে বসতি গড়ে তুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে হন্ডুরাসে ভূমি সংস্কার কর্মসূচি চালু হয়। সরকার স্থানীয় কৃষকদের জন্য জমি পুনর্বণ্টনের উদ্যোগ নিলে অভিবাসী সালভাদোরীয়রা উচ্ছেদের মুখে পড়েন। সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। সংবাদমাধ্যম দুই দেশের জাতীয়তাবাদকে উসকে দিতে শুরু করে। সাধারণ মানুষের ক্ষোভ ধীরে রাজনৈতিক সংকটে রূপ নেয়।

ঠিক এমন সময় সামনে আসে ১৯৭০ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব। ভাগ্যের কী নির্মম পরিহাস, একই গ্রুপে পড়ে এল সালভাদর ও হন্ডুরাস।
প্রথম লেগ অনুষ্ঠিত হয় ৮ জুন ১৯৬৯ সালে, হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায়। ম্যাচের আগের রাত থেকেই এল সালভাদরের খেলোয়াড়দের হোটেলের বাইরে শত শত সমর্থক আতশবাজি ফোটান, গাড়ির হর্ন বাজান এবং রাতভর চিৎকার করতে থাকেন। প্রতিপক্ষকে ঘুমাতে না দিয়ে মানসিকভাবে দুর্বল করে দেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। পরদিন ক্লান্ত শরীরে মাঠে নামে সালভাদর।
ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ৮৯ মিনিট পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। যখন সবাই ড্রয়ের অপেক্ষায়, ঠিক তখনই হন্ডুরাসের ফরোয়ার্ড রোবের্তো কার্দোনা গোল করে স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে দেন। ১–০ ব্যবধানে জয় পায় হন্ডুরাস। কিন্তু ম্যাচ শেষের বাঁশির সঙ্গে শুরু হয় আরেক লড়াই। দুই দেশের সংবাদপত্র একে অপরের বিরুদ্ধে কড়া সমালোচনা শুরু করে। সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ে। তখন ফুটবল আর শুধু ফুটবল ছিল না, এটি দুই দেশের সম্মানের প্রশ্নে পরিণত হয়ে উঠেছিল।
এক সপ্তাহ পর, ১৫ জুন, দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হয় এল সালভাদরের রাজধানী সান সালভাদরে। এবার পালা প্রতিশোধের। হন্ডুরাস দলকে সশস্ত্র নিরাপত্তার মধ্যে স্টেডিয়ামে নিয়ে যেতে হয়। শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যায়। ম্যাচ শুরুর আগেই পরিবেশ ছিল যুদ্ধক্ষেত্রের মতো।

মাঠে অবশ্য এল সালভাদর কোনো সুযোগই দেয়নি। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে তারা ৩–০ ব্যবধানে জয় তুলে নেয়। দুই লেগে দুই দলেরই একটি করে জয় হওয়ায় নির্ধারণী প্লে-অফের সিদ্ধান্ত হয়। কিন্তু ততক্ষণে মাঠের বাইরের পরিস্থিতি আরও ভয়াবহ। হন্ডুরাসে বসবাসরত সালভাদোরীয়দের ওপর হামলা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ ওঠে। অন্যদিকে হন্ডুরাস দাবি করে, এল সালভাদর রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতিকে বাড়িয়ে দেখাচ্ছে। সত্য-মিথ্যার লড়াইয়ের মাঝখানে সাধারণ মানুষই হয়ে ওঠে সবচেয়ে বড় ভুক্তভোগী।
২৬ জুন (কিছু সূত্রে ২৭ জুন) মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত হয় প্লে-অফ। এটি ছিল শুধু একটি ফুটবল ম্যাচ নয়, যেন দুই জাতির মর্যাদার লড়াই। মাত্র ১০ মিনিটে হুয়ান রামোন মার্তিনেসের গোলে এগিয়ে যায় এল সালভাদর। কিন্তু হন্ডুরাস দ্রুতই ঘুরে দাঁড়ায়। রোবের্তো কার্দোনা ও নাহুন গোমেসের গোলে তারা ২–১ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন মার্তিনেস। নির্ধারিত সময়ে স্কোর ২–২। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
১০১তম মিনিটে আসে সেই মুহূর্ত, যা ইতিহাসের অংশ হয়ে যায়। মাউরিসিও ‘পিপো’ কুইন্তানিয়া গোল করে এল সালভাদরকে ৩–২ ব্যবধানে জয় এনে দেন। খেলোয়াড়েরা উল্লাসে ভেসে যান। সমর্থকেরা বিশ্বকাপের স্বপ্নে বিভোর হয়ে পড়েন।

কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় মাত্র কয়েক ঘণ্টা। ম্যাচের পরই এল সালভাদর সরকার ঘোষণা দেয়, তারা হন্ডুরাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। সরকারের দাবি, হন্ডুরাসে সালভাদোরীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দেশটি। অন্যদিকে হন্ডুরাসও পাল্টা কঠোর অবস্থান নেয়। সীমান্তে সেনা মোতায়েন বাড়তে থাকে। যুদ্ধের গন্ধ তখন আর শুধু অনুমান ছিল না; সেটি বাস্তবে রূপ নিতে শুরু করেছে।
১৪ জুলাই ১৯৬৯। বিকেলের আকাশে প্রথম যুদ্ধবিমানের শব্দ শোনা যায়। এল সালভাদরের বিমানবাহিনী হন্ডুরাসের সামরিক স্থাপনা, বিমানঘাঁটি এবং যোগাযোগব্যবস্থায় হামলা চালায়। একই সময়ে স্থলবাহিনী সীমান্ত অতিক্রম করে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অগ্রসর হয়। হন্ডুরাসও দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে। সীমান্তজুড়ে শুরু হয় গোলাবর্ষণ। দুই দেশের বিমানবাহিনীর মধ্যে আকাশযুদ্ধও সংঘটিত হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে পুরোনো পিস্টন-ইঞ্জিন যুদ্ধবিমান ব্যবহারের শেষ উল্লেখযোগ্য সংঘর্ষগুলোর একটি হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।
মাত্র চার দিনের এই যুদ্ধে প্রায় দুই থেকে ছয় হাজার মানুষের প্রাণহানি ঘটে বলে বিভিন্ন ঐতিহাসিক গবেষণায় উল্লেখ রয়েছে। আহত হন আরও কয়েক হাজার মানুষ। প্রায় তিন লাখ সালভাদোরীয় অভিবাসী হন্ডুরাস ছেড়ে পালাতে বাধ্য হন। সীমান্ত অঞ্চলের বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধ থামাতে শেষ পর্যন্ত এগিয়ে আসে অর্গানাইজেশন অব আমেরিকান স্ট্যাটস (ওএএস)। আন্তর্জাতিক চাপের মুখে ১৮ জুলাই যুদ্ধবিরতি কার্যকর হয়। ইতিহাসে এই সংঘর্ষ তাই ‘হানড্রেড আওয়ার্স ওয়ার বা শতঘণ্টার যুদ্ধ’ নামেও পরিচিত।

যুদ্ধ থেমে গেলেও সংকট শেষ হয়নি। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে লেগেছিল এক দশকের বেশি সময়। সীমান্তবিরোধের আনুষ্ঠানিক নিষ্পত্তি হয় আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বহু বছর পরে। ইতিহাসবিদদের মতে, এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি ছিল মানুষের মধ্যে অবিশ্বাসের দেয়াল, যা একটি ফুটবল ম্যাচের চেয়েও অনেক দীর্ঘস্থায়ী ছিল।
আজ ৫০ বছরের বেশি সময় পর ফিরে তাকালে বোঝা যায়, দ্য ফুটবল ওয়ার নামটি যতটা আকর্ষণীয়, তার ভেতরের ইতিহাস ততটাই বেদনাদায়ক। যুদ্ধের কারণ ফুটবল ছিল না। কারণ ছিল জমির অধিকার, অভিবাসন সংকট, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক উত্তেজনা এবং উগ্র জাতীয়তাবাদ। বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ শুধু সেই বহুদিনের অস্থিরতাকে বিস্ফোরণের দিকে ঠেলে দিয়েছিল।
আমরা প্রায়ই বলি, খেলাধুলা মানুষকে এক করে। সত্যিই তা–ই। একটি ফুটবল মাঠে ভাষা, ধর্ম কিংবা জাতীয়তার ভেদাভেদ ভুলে লাখো মানুষ একই আবেগে মেতে ওঠেন। কিন্তু সেই আবেগ যখন রাজনীতির অস্ত্রে পরিণত হয়, তখন খেলাধুলাও অনিচ্ছাকৃতভাবে সংঘাতের প্রতীক হয়ে উঠতে পারে।
১৯৬৯ সালের দ্য ফুটবল ওয়ার তাই শুধু একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি খেলাধুলার সামাজিক শক্তিরও ইতিহাস। এটি মনে করিয়ে দেয়, একটি ম্যাচ কখনো যুদ্ধ সৃষ্টি করে না। যুদ্ধ সৃষ্টি হয় মানুষের মনে বহুদিন ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য আর বিভাজন থেকে। ফুটবল ছিল শুধু সেই শেষ বাঁশি, যার পর ইতিহাসের সবচেয়ে অস্বস্তিকর অধ্যায়গুলোর একটি শুরু হয়েছিল।
বন্ধু, ভৈরব বন্ধুসভা