সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ছুটি কীভাবে কাটাবেন: মুমিনের জন্য ৮ পরামর্শ
ছুটি কীভাবে কাটাবেন: মুমিনের জন্য ৮ পরামর্শ

ছুটি কীভাবে কাটাবেন: মুমিনের জন্য ৮ পরামর্শ

ইসলামে দৈনন্দিন জীবনের আদর্শ রূপ হলো—দিনের বেলা কাজের জন্য শ্রম দেওয়া আর রাতকে নির্ধারণ করা বিশ্রাম ও ইবাদতের জন্য। তবে কর্মব্যস্ত নাগরিক জীবনে মানুষের ক্লান্তি দূর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বার্ষিক ছুটির ব্যবস্থা থাকে।

ইসলামে এই ধরনের বিরতি বা ছুটি কাটানো কোনো অন্যায় নয়; বরং এটিকে যদি সঠিক নিয়তে ও পরিকল্পনামতো কাজে লাগানো যায়, তবে তা মানসিক শক্তি পুনরুদ্ধারে দারুণ ভূমিকা রাখে।

বৈধ বিনোদনের পথ ইসলামে উন্মুক্ত

ক্লান্তি দূর করা এবং জীবনকে উপভোগ করার জন্য চিত্তবিনোদনের পথ ইসলামে সম্পূর্ণ উন্মুক্ত। সাহাবি হজরত হানজালা (রা.) একদিন নবীজির কাছে এসে আফসোস করে বললেন, “হানজালা তো মোনাফেক হয়ে গেছে!”

কারণ তিনি রাসুলের দরবারে থাকলে পরকালের যে ব্যাকুলতা অনুভব করতেন, বাড়ি ফিরে পরিবার ও সংসারের কাজে ব্যস্ত হলে তা অনেকটাই কমে যেত। মহানবী (সা.) তাঁর এই কথা শুনে সান্ত্বনা দিয়ে বললেন, “হানজালা, সব সময় সেই অবস্থা বজায় রাখা সম্ভব নয়; বরং জীবনের জন্য কাজের পাশাপাশি বিশ্রামের সময়ও প্রয়োজন।” (সহিহ মুসলিম, হাদিস: ২৭৫০)

অন্য এক হাদিসে মহানবী (সা.) ঈদের দিনে মসজিদের চত্বরে খেলাধুলার অনুমতি দিয়ে বলেছিলেন, “ইহুদিরা জানুক যে আমাদের ধর্মেও অবকাশ ও প্রশান্তির সুযোগ রয়েছে।” (মুসনাদে আহমদ, হাদিস: ২৪৮৫৫)

আল্লামা ইবনে আশুর লিখেছেন যে ক্লান্তি দূর করা এবং মনকে সতেজ করার জন্য বিনোদন বৈধ, যদি না তা মানুষের অভ্যাসে পরিণত হয়ে কর্মবিমুখ করে তোলে। (আত-তাহরির ওয়াত-তানভির, ১২/৩৯, তিউনিস: আদ-দারুত তিউনিসিয়্যাতু লিন-নাশর, ১৯৮৪)

অর্থবহ ছুটি কাটাতে ৮ দিকনির্দেশনা

ছুটির সময়টিকে শুধু অপচয় না করে কীভাবে ফলপ্রসূ ও আনন্দদায়ক করা যায়, তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা প্রয়োজন:

১. বিনোদন যেন পাপে পরিণত না হয়

অনেকে মনে করেন ছুটি মানেই জীবনের সব নৈতিক নিয়মকানুন তুলে দেওয়া। ইসলামে বৈধ উপায়ে আনন্দ উপভোগের বিপুল সুযোগ রাখা হয়েছে। কোরআনে বলা হয়েছে, “বলুন, আল্লাহ তাঁর বান্দাদের জন্য যেসকল শোভাবর্ধক বস্তু ও উত্তম জীবিকা সৃষ্টি করেছেন, তা কে হারাম করেছে?” (সুরা আ’রাফ, আয়াত: ৩২)

ফলে ঘোরাঘুরি, সাঁতার কাটা বা ভ্রমণের মতো বৈচিত্র্যময় আনন্দ উপভোগে কোনো বাধা নেই, যদি তা শরিয়তের সীমা লঙ্ঘন না করে।

২. নামাজে গাফিলতি না করা

ছুটি মানে ইবাদত থেকে ছুটি নয়। ভ্রমণের আনন্দের মধ্যেও নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে। কারণ ইসলামে চরম যুদ্ধাবস্থাতেও নামাজ ত্যাগের অনুমতি দেওয়া হয়নি। (সুরা বাকারা, আয়াত: ২৩৮-২৩৯)

কাজের ব্যস্ততায় যাদের সময়মতো নামাজ পড়া কঠিন হয়ে যায়, ছুটির সময় তাদের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক নতুন করে দৃঢ় করার উত্তম সুযোগ।

৩. নির্দিষ্ট উদ্দেশ্য ও পরিকল্পনা রাখা

পরিকল্পনা ছাড়া ছুটি কাটালে সময় শুধু অপচয়ই হয়। মহানবী (সা.) হিজরত থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতেন। ছুটির সময় নিজের ইমানি ও মানসিক উন্নতির জন্য লক্ষ্য স্থির করা উচিত।

যেমন—কিছু ভালো বই বা বইয়ের রিভিউ পড়া, আত্মউন্নয়নমূলক কোর্স করা কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে সুসম্পর্ক পুনরুজ্জীবিত করা।

৪. মনের প্রশান্তিকর মাধ্যম খুঁজে নেওয়া

সব মানুষের বিনোদনের মাধ্যম এক নয়। কেউ প্রকৃতি বা সবুজের মাঝে মানসিক শান্তি পান, কেউ নদীর জলধারায় প্রশান্তি খুঁজে পান, আবার কেউ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পান। নিজের ব্যক্তিত্বের সঙ্গে মেলে এমন সুস্থ বিনোদন বেছে নেওয়া উচিত, যা কাজ করার নতুন শক্তি জোগায়।

ছুটি জীবনের ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনায় কাজে ফেরার এক সুন্দর সুযোগ। সঠিক পরিকল্পনা এবং নৈতিকতার ভারসাম্য থাকলে প্রতিটি মুহূর্তই পরিণত হতে পারে মানসিক প্রশান্তি ও সওয়াবের মেলবন্ধনে।

৫. ভালো সঙ্গী নির্বাচন

ছুটির আনন্দ ও সফলতা অনেকটাই নির্ভর করে সঙ্গীদের ওপর। ভালো সঙ্গী যেমন মানুষকে ভালো কাজে উৎসাহিত করে, তেমনি অসৎ সঙ্গ পুরো ভ্রমণকেই নষ্ট করে দিতে পারে।

মহানবী (সা.) সৎ ও অসৎ সঙ্গীর উপমা দিয়ে বলেছেন, “সৎ সঙ্গী যেন সুগন্ধি বিক্রেতার মতো, যে নিজে না দিলেও তার কাছ থেকে সুবাস পাওয়া যায়।” (সহিহ বুখারি, হাদিস: ২১০১)

৬. লক্ষ্য অনুযায়ী সঠিক সময় নির্বাচন

যেকোনো কাজের সফলতা নির্ভর করে সঠিক সময়ে তা সম্পাদনের ওপর। যেমন—কারো ছুটির উদ্দেশ্য যদি হয় ওমরাহ পালন, তবে রমজান বা জিলহজ মাস হতে পারে সেরা সময়।

প্রকৃতি ভ্রমণের জন্য আবহাওয়া অনুযায়ী সঠিক মাস বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

ইবনুল কাইয়িম (রহ.) লিখেছেন, আল্লাহর রাস্তায় শক্তি অর্জনের নিয়তে আহার, নিদ্রা ও বিশ্রাম গ্রহণ করাও ইবাদতের অন্তর্ভুক্ত। (মাদারিজুস সালিকিন, ২/২১৬, বৈরুত: দারুল কিতাবিল আরবি, ১৯৭২)

৭. উপযুক্ত স্থান নির্বাচন

উদ্দেশ্য অনুযায়ী সঠিক জায়গা নির্বাচন করা প্রয়োজন। নিভৃত মানসিক প্রশান্তি চাইলে কোলাহলমুক্ত স্থান এবং মানুষের সঙ্গে মেলামেশা চাইলে জনবহুল সাংস্কৃতিক কেন্দ্র বেছে নেওয়া যেতে পারে। ইসলামে কিছু স্থানকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, যা আমাদের শেখায় যে স্থানের গুরুত্ব রয়েছে (সুরা আল-বালাদ, আয়াত: ১)।

৮. নেয়ামতের শুকরিয়া আদায়

ছুটি শেষে মন প্রফুল্ল হলে এবং নিরাপদে ভ্রমণ শেষ করতে পারলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের বৈশিষ্ট্য। কোরআনে বলা হয়েছে, “তোমাদের কাছে যেসকল নেয়ামত রয়েছে, তা আল্লাহর পক্ষ থেকেই এসেছে।” (সুরা নাহল, আয়াত: ৫৩)

আর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ সেই নেয়ামত আরও বাড়িয়ে দেন। (সুরা ইব্রাহিম, আয়াত: ৭)

পরিশেষে বলা যায়, ছুটি বা অবকাশ কোনো অপচয় বা অলসতার সময় নয়; বরং তা হলো জীবনের ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনায় কাজে ফেরার এক সুন্দর সুযোগ। সঠিক পরিকল্পনা, নৈতিকতার ভারসাম্য এবং ভালো নিয়ত থাকলে ছুটির প্রতিটি মুহূর্তই পরিণত হতে পারে মানসিক প্রশান্তি ও সওয়াবের মেলবন্ধনে।

About Editor Todaynews24

Check Also

সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫

সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *