সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা
ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা

ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা

বলিউডে ক্যামেরার সামনে অনেক শিল্পীই নিজের ব্যক্তিগত সীমারেখা টেনে দেন। বিশেষ করে অন্তরঙ্গ বা চুম্বনের দৃশ্যে অভিনয়ের প্রশ্নে অনেকেই আপস করতে চান না। কিন্তু সেই সিদ্ধান্তের মূল্যও কম নয়। কারও হাতছাড়া হয়েছে বড় বাজেটের সিনেমা, কেউ বাদ পড়েছেন গুরুত্বপূর্ণ চরিত্র থেকে, আবার কারও সঙ্গে প্রযোজকের সম্পর্ক তিক্ত হয়ে গেছে।

বলিউডে দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত—‘চরিত্রের প্রয়োজনে’ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে। কিন্তু সব শিল্পী এই যুক্তি মেনে নেননি। জেনে নেওয়া যাক এমন সাত তারকার কথা।

কঙ্গনা রনৌত
বলিউডের সবচেয়ে স্পষ্টভাষী অভিনেত্রীদের একজন কঙ্গনা। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি বলেছেন, তিনি অযথা ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বনের দৃশ্যে অভিনয় করতে আগ্রহী নন। শোনা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি ছবির ক্ষেত্রে তাঁর এ অবস্থানের কারণে নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল। কঙ্গনার বক্তব্য ছিল, গল্পের প্রয়োজনে নয়, দর্শক টানার জন্য যদি অন্তরঙ্গ দৃশ্য রাখা হয়, তাহলে তিনি সেই ছবিতে কাজ করবেন না। কঙ্গনা নিজেও এ প্রসঙ্গে কথা বলেছেন। তবে কোন সিনেমা এ জন্য হাতছাড়া হয়েছে, সেটা জানাননি।

চিত্রাঙ্গদা সিং
বলিউডে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি চিত্রাঙ্গদা সিংকে ঘিরে। ২০১৫ সালে একটি ছবির শুটিং চলাকালে পরিচালক কুশান নন্দী নাকি নির্ধারিত চিত্রনাট্যের বাইরে আরও ঘনিষ্ঠ দৃশ্য ধারণ করতে চান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এতে আপত্তি জানান চিত্রাঙ্গদা।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তিনি শুটিং ছেড়ে বেরিয়ে আসেন এবং শেষ পর্যন্ত ছবিটি থেকেও সরে দাঁড়ান। পরে অভিনেত্রী বলেন, একজন অভিনেতারও নিজের সীমা নির্ধারণের অধিকার আছে। পরিচালক বা প্রযোজকের ইচ্ছার বাইরে গিয়ে কাউকে কোনো দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা উচিত নয়।

চিত্রাঙ্গদা সিং। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মল্লিকা শেরওয়াত
মল্লিকা শেরওয়াতকে ঘিরে বিষয়টি কিছুটা ভিন্ন। তিনি ক্যারিয়ারের শুরুতে সাহসী চরিত্রে অভিনয় করে পরিচিতি পেলেও পরে অভিযোগ করেন, অনেক নির্মাতা তাঁকে শুধু অন্তরঙ্গ দৃশ্যের জন্যই কাস্ট করতে চাইতেন।
মল্লিকার ভাষ্য, তিনি যখন চিত্রনাট্যের জন্য প্রয়োজন নেই, এমন অন্তরঙ্গ দৃশ্যে রাজি হননি, তখন বেশ কয়েকটি ছবি তাঁর হাতছাড়া হয়। তিনি বলেন, বলিউডে অনেক সময় অভিনেত্রীদের ওপর এমন চাপ তৈরি করা হয়, যেন অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হলে তাঁরা ‘সহযোগিতা করছেন না’।

প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডে নিজের অবস্থান গড়ে তোলার শুরুর সময়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে জানান, কিছু নির্দিষ্ট ধরনের দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানানোয় প্রিয়াঙ্কা একাধিক সিনেমার সুযোগ হারিয়েছিলেন।

প্রিয়াঙ্কা নিজেও একবার জানিয়েছিলেন, একটি ছবির পরিচালক তাঁকে এমন একটি দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেন, যেখানে অন্তর্বাস দেখানোর বিষয়টি জোর করে যুক্ত করা হয়েছিল। পরিচালকের যুক্তি ছিল, তা না হলে দর্শক সিনেমাটি দেখবে না। এ প্রস্তাবকে অসম্মানজনক মনে করে প্রিয়াঙ্কা ছবিটি ছেড়ে বেরিয়ে আসেন।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা দীর্ঘদিন ধরে বলিউডে একটি অলিখিত নীতির জন্য পরিচিত ছিলেন—তিনি চুম্বনের দৃশ্যে অভিনয় করবেন না। ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর চুক্তিতেই নাকি এমন শর্ত থাকত। ফলে কয়েকটি ছবিতে পরিচালককে দৃশ্য পরিবর্তন করতে হয়েছে, আবার কিছু প্রযোজক অন্য অভিনেত্রীকেও বেছে নিয়েছেন বলে বলিউডে আলোচনা ছিল।
পরবর্তী সময়ে সোনাক্ষী কিছু বিষয়ে অবস্থান নমনীয় করলেও দীর্ঘ সময় নিজের ব্যক্তিগত সীমারেখা বজায় রেখেছিলেন।

ম্রুণাল ঠাকুর
অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে অন্তরঙ্গ বা চুম্বনের দৃশ্যে অভিনয় নিয়ে তাঁর ও তাঁর পরিবারের আপত্তি ছিল। বিশেষ করে তাঁর মা–বাবা পর্দায় এমন দৃশ্যে অভিনয় করতে দিতে চাইতেন না। সে কারণেই তিনি কয়েকটি সিনেমার সুযোগ হারান।
ম্রুণাল বলেন, দীর্ঘদিন ধরে তিনি এসব দৃশ্য এড়িয়ে গেছেন। পরে একসময় তিনি মা–বাবাকে প্রশ্ন করেন, ‘আর কত দিন আমি না বলতে পারব?’ সময়ের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন এলেও, ক্যারিয়ারের শুরুর দিকে এই সিদ্ধান্তের মূল্য তাঁকে দিতে হয়েছে।

ম্রুণাল ঠাকুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অসিন
দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউডে এসে জনপ্রিয়তা পাওয়া অসিনও অন্তরঙ্গ দৃশ্য এড়িয়ে চলার জন্য পরিচিত ছিলেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তিনি পরিবার ও ব্যক্তিগত বিশ্বাসের কারণে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে চাইতেন না।

এ কারণে কয়েকটি ছবিতে তাঁকে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছিল বলে সে সময় বলিউডে আলোচনা ছিল।

টাইমস অব ইন্ডিয়া ও ডিএনএ অবলম্বনে

About Editor Todaynews24

Check Also

যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *