মাইক্রোক্রেডিট কার্যক্রমের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘দেশে তৃণমূল পর্যায়ে বর্তমান যে আর্থ সামাজিক অবস্থাতা- এতে মাইক্রোক্রেডিটের ভূমিকা অপরিসীম। আর এটি অনেক আগেই ড. মুহাম্মদ ইউনুস শুরু করেছেন। সে জন্য আমি ড. মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই।’’
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘‘তৃণমূল পর্যায়ে যে গরিব-অসহায় মানুষগুলো ব্যাংক থেকে সহায়তা পান না, তারা এনজিওর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছেন।মাইক্রোক্রেডিটের যে মুভমেন্ট তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন শুরু হয়েছে। এই পুঁজির কারণেই বাংলাদেশের অর্থনীতি একটি জায়গায় পৌঁছেছে।’’
মির্জা ফখরুল বলেন, ‘‘আমি একজন রাজনৈতিক মাঠ কর্মী। তৃণমূল থেকে আমার উঠে আসা। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি তা উপলব্ধি করি দেশের প্রত্যেকটি এনজিও তাদের জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আমি বিশ্বাস করি এই কাজগুলোকে যদি সমন্বয় করা যায়, মূল অর্থনীতির ধারায় যদি এটিকে প্রসারিত করা যায় তাহলে অবশ্যই অর্থনীতির পরিবর্তন ঘটবে।’’