সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি রোগটি কী, চিকিৎসা আছে?
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি রোগটি কী, চিকিৎসা আছে?

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি রোগটি কী, চিকিৎসা আছে?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগের কারণ হিসেবে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামের একটি রোগের কথা উল্লেখ করেছেন। এ-ও বলেছেন, এই রোগের কারণে তিনি প্রায়ই জ্ঞান হারিয়ে ফেলেন। অনেকের প্রশ্ন, কী এই রোগ?

অটোনমিক নিউরোপ্যাথি স্নায়ুতন্ত্রের একটি রোগ।

আমাদের শরীরে অটোনমিক নার্ভাস সিস্টেম নামে একটি স্নায়ুজাল আছে। সাধারণ পেরিফেরাল নার্ভ যেমন আমাদের হাত, পা, ত্বকের সংবেদন পৌঁঁছে দেওয়ার কাজ করে, অটোনমিক নার্ভ সেখানে কাজ করে শরীরের অভ্যন্তরীণ কিছু অঙ্গপ্রত্যঙ্গের ওপর। যেমন পাকস্থলী, অন্ত্র, ফুসফুস, হৃদযন্ত্র, কিডনি, মূত্রথলি, জননেন্দ্রিয় বা রক্তনালীর মতো গুরুত্বপূর্ণ সব অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ এই অটোনমিক নার্ভাস সিস্টেমের ওপর।

নানা কারণে এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ডায়াবেটিস অন্যতম কারণ। সাবেক রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসাবিজ্ঞানে দীর্ঘদিনের ডায়াবেটিস অটোনমিক নিউরোপ্যাথির অন্যতম কারণ হিসেবে পরিচিত। তবে তাঁর ক্ষেত্রে ঠিক কোন কারণে এই জটিলতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত চিকিৎসা-তথ্য প্রকাশ করা হয়নি।

কী হয় এই রোগে

অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটি গুরুত্বপূর্ণ অংশ—সিমপ্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক নার্ভ।

এই নার্ভগুলো বিভিন্ন অঙ্গ থেকে তথ্য মস্তিষ্কে পৌঁছে দেয় এবং মস্তিষ্কের নির্দেশ আবার অঙ্গগুলোর কাছে পৌঁছে দেয়। ফলে এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হলে দেহের প্রায় সব অভ্যন্তরীণ অঙ্গের কার্যকারিতা ব্যাহত হয়। যেমন—

পাকস্থলী ও অন্ত্র: পাকস্থলীর সংকোচন-প্রসারণ এবং অন্ত্রের চলন বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে এই নার্ভগুলো। এতে সমস্যা হলে পরিচলন ধীর হয়ে যায় এবং বেশির ভাগ ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। পেট ভরা থাকে, সহজে খাবার নিচে নামে না। একবার কিছু খেলে আবার খাবার খাওয়ার রুচি হয় না। কখনও কখনও কিছুদিন কোষ্ঠকাঠিন্য থাকার পর আবার ডায়রিয়া দেখা দিতে পারে।

মূত্রতন্ত্র: মূত্রনালী বা ইউরিনারি ব্লাডারের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যেতে পারে। যেমন অল্পতেই প্রস্রাব হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, মূত্রথলিতে প্রস্রাব রয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

জননাঙ্গ: পুরুষের ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম কারণ অটোনমিক নিউরোপ্যাথি।

হৃদযন্ত্র: স্বাভাবিক মানুষের হৃৎস্পন্দনের ওঠানামা নিয়ন্ত্রণ করে এই নার্ভাস সিস্টেম। যেমন দৌড়ালে হৃৎস্পন্দন বাড়ার কথা, আবার বিশ্রামে বা ঘুমন্ত অবস্থায় হৃৎস্পন্দন কমে যাওয়ার কথা। এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দেখা যায় ঘুমের মধ্যেও একজন ব্যক্তির হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে। একে বলে রেস্টিং ট্যাকিকারডিয়া। এটি অটোনমিক নিউরোপ্যাথির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

রক্তনালী: অটোনমিক নিউরোপ্যাথি হলে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে রক্তনালীর ওপর। স্বাভাবিক অবস্থায় আমরা যখন শোয়া বা বসা থেকে উঠে দাঁড়াই, তখন রক্তচাপ খানিকটা কমে যায় এবং এই নার্ভগুলো দ্রুততম সময়ে মস্তিষ্কে সংকেত পাঠায় বলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে মাথা ঘুরে পড়ে যাওয়ার ঝুঁকি কমে।

কিন্তু নার্ভ ঠিকভাবে কাজ না করলে বসা বা শোয়া থেকে উঠে দাঁড়ানোমাত্র মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। অনেক সময় রাতে ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার সময় বা অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ালেই মাথা ঘোরে, চোখমুখ অন্ধকার হয়ে আসে এমনকি আক্রান্ত ব্যক্তি অচেতন হয়ে পড়তে পারে। একে বলে পোসচুরাল হাইপোটেনশন।

ত্বক: ত্বকের তাপমাত্রা ও ঘাম নিয়ন্ত্রণও অটোনমিক নার্ভের কাজ। এতে সমস্যা হলে অতিরিক্ত বা কম ঘাম, ত্বকের শুষ্কতা, গরম-ঠান্ডার অনুভূতিতে সমস্যা হতে পারে।

কেন হয় অটোনমিক নিউরোপ্যাথি

অটোনমিক নিউরোপ্যাথির প্রধান কারণ দীর্ঘদিনের বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এ ছাড়া—

  • অ্যামাইলোডোসিস

  • স্নায়ুজনিত কিছু রোগে (যেমন গুলেন-ব্যারি সিনড্রোম)

  • কিছু সংক্রমণের পর

  • অটোইমিউন রোগে

  • কেমোথেরাপির পর এই সমস্যা হতে পারে।

চিকিৎসা কী

বেশির ভাগ ক্ষেত্রে এর স্থায়ী সমাধান নেই, তবে উপসর্গ নিয়ন্ত্রণে কিছু ওষুধ এবং জীবনযাপনের ধারায় পরিবর্তন আনতে হয়। যেমন—

  • ডায়াবেটিস থাকলে তা ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা জরুরি।

  • শোয়া বা বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ানো।

  • ওঠার সময় লাঠি বা অন্য সহায়ক উপকরণ ব্যবহার এবং রাতে ঘুমানোর সময় পায়ে স্টকিং ব্যবহার।

  • মূত্রথলির সমস্যার জন্য সেলফ-ক্যাথেটারাইজেশন বা কিছু ওষুধ কার্যকর সমাধান।

  • অন্ত্রের পরিচলন বাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন।

  • পড়ে যাওয়া রোধে ও ভারসাম্য বজায় রাখতে কিছু বিশেষ ব্যায়াম করা।

About Editor Todaynews24

Check Also

সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। ২৪ জুলাই সন্ধ্যায় বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ দাবি জানান দলের সদস্যসচিব আখতার হোসেন। বিস্তারিত ভিডিওতে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *