সর্বশেষ খবর
Home / সকল আপডেট / শাকিবের প্রথম প্রেম আসলে কে? পূর্ণিমাকে বললেন সেই গল্প
শাকিবের প্রথম প্রেম আসলে কে? পূর্ণিমাকে বললেন সেই গল্প

শাকিবের প্রথম প্রেম আসলে কে? পূর্ণিমাকে বললেন সেই গল্প

শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে সাধারণত আলোচনায় আসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম। কিন্তু এই দুই সম্পর্কের বাইরেও তাঁর জীবনে ছিল আরেকটি গভীর ভালোবাসা, যার কথা এত দিন প্রকাশ্যে খুব একটা শোনা যায়নি। এবার এসবের বাইরে গিয়ে শাকিব শোনালেন তাঁর জীবনের প্রথম প্রেমের গল্প। চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে খোলামেলা আলাপে উঠে এল সেই অজানা ভালোবাসার গল্প, যা এত দিন জানতেন কেবল তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মী।

২৪ জুলাই রাতে চ্যানেল আইয়ে ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে জীবনের সেই প্রথম প্রেমের গল্পই শোনালেন শাকিব খান।

শাকিব খান

কথা বলার একপর্যায়ে পূর্ণিমা পুরোনো স্মৃতি টেনে বলেন, ‘একজনের সঙ্গে কঠিন প্রেম ছিল তোমার।’ কিছুটা বিস্ময় নিয়ে শাকিব জিজ্ঞেস করেন, ‘কঠিন প্রেম ছিল?’ তখন পূর্ণিমা জানান, মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ, গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছিলেন। সেই সময় শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মীও বিষয়টি জানতেন। এরপর শাকিব নিজেই সেই সম্পর্কের কথা অকপটে জানালেন। এমনকি সেই সম্পর্কটায় জীবনের পরবর্তী সময় কাটাবেন, এমনটাও তখন ভেবে রেখেছিলেন, তাই জানালেন।

শাকিব বলেন, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার। দেখতে খুব সুন্দর ছিল। আমাকেও অনেক ভালোবাসত, আমিও।’

শাকিব খান

জানা যায়, অভিনয়জীবনের কয়েক বছর পরে সেই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাকিব খানের। মেয়েটির পরিবার ছিল গুলশানের প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত পরিবার। সম্পর্কও ভালোভাবেই এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত নানা অভিমান আর পরিস্থিতির কারণে তা পরিণতি পায়নি।

প্রথম প্রেমের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হন শাকিব। তা আবার তুলে ধরেন পূর্ণিমা। শাকিব বলেন, ‘আমি ওখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে থাকলে ভাবি, আমি যেতে চাইলাম কোথায়? আমি কার সঙ্গে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়! কীভাবে ঘটনাটা ঘটল, আমি নিজেও বুঝতে পারিনি।’

শাকিব খান

পূর্ণিমা তখন যোগ করেন, ‘খুবই সুন্দরী ছিল কিন্তু।’ প্রথম প্রেমকে এখনো মিস করেন কি না—এমন প্রশ্নে শাকিবের জবাব, ‘হ্যাঁ, মিস করি। তবে এখন আর কোনো যোগাযোগ নেই, করতেও চাই না। তবে প্রায়ই তাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত হয়।’ পূর্ণিমা জানতে চান, ‘এখনো যদি সে সিঙ্গেল থাকে, সুযোগটা কাজে লাগাবে?’ শাকিব বলেন, ‘জানি না, থাকতেও পারে। তবে সে আরও ভালো কিছু ডিজার্ভ করে।’

প্রথম প্রেম ভেঙে যাওয়ার জন্য কোনো অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নেও অকপটে তিনি বলেন, ‘বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয় নিয়েও অভিমান হয়। ভালোবাসাটা বেশি ছিল বলেই হয়তো কী থেকে কী হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারিনি। এটা নিয়ে সত্যিই আমার অনুশোচনা হয়।’

প্রেম, প্রেমের সম্পর্কের কথা বলতে গিয়ে শেষে ভাগ্যের প্রসঙ্গ টানলেন শাকিব খান। বললেন, ‘আমরা অনেকেই ভাগ্যে বিশ্বাস করতে চাই না। কিন্তু জীবনে কিছু ঘটনা ঘটে, তখন মনে হয়—কিছু বিষয় আল্লাহ তাঁর হাতেই রেখে দিয়েছেন।’

About Editor Todaynews24

Check Also

কিশোরগঞ্জে দুই দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

কিশোরগঞ্জে দুই দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়েছে। জেলার আটটি উপজেলার পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় শিশু, দুই যুবক ও একজন মধ্যবয়সী ব্যক্তি। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে শনিবার (২৫ জুলাই) বিকাল পর্যন্ত জেলার নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব, করিমগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ সদর ও বাজিতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *