টালিউডের ফ্যাশনিস্তা অভিনেত্রী মনামী ঘোষের স্টাইলিং বরাবরই নজর কাড়ে। এবার মেঘলা আকাশ আর গঙ্গাপাড়ের মনোরম আবহে তোলা স্টাইলিশ ছবিতে ধরা দিয়েছেন তিনি। রইল বিস্তারিত …
ইনস্টাগ্রামে প্রায়ই ভিন্নধর্মী ফ্যাশন লুকে ধরা দেন টালিউড অভিনেত্রী মনামী ঘোষ। পর্দার বাইরে ব্যক্তিগত স্টাইল নিয়েও তাঁর আলাদা পরিচিতি রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান, ফটোশুট কিংবা ভ্রমণে তিনি নিরীক্ষাধর্মী ও বোল্ড ফ্যাশন বেছে নেন।
অভিনেত্রী হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইনফ্লুয়েন্সার হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে । আর মিষ্টি হাসি, আত্মবিশ্বাসী উপস্থিতি ও ঈর্ষণীয় ফিটনেস—সব মিলিয়ে মনামী বরাবরই ফ্যাশনপ্রেমীদের নজরে থাকেন।


সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘মেঘলা দিনে গঙ্গা পাড়ে।’ আর সেই ছোট্ট ক্যাপশনেই যেন ধরা পড়েছে পুরো ফটোসিরিজের আবহ।

গঙ্গার ধারে মেঘে ঢাকা আকাশ, দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, নদীর শান্ত জল আর মনামীর অনবদ্য স্টাইলিং—সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে সিনেম্যাটিক অনুভূতি।
এই লুকের মূল আকর্ষণ টমেটো লাল রঙের স্লিভলেস ম্যাক্সি ড্রেস। ড্রেসে অফ-হোয়াইট ক্রোশেট লেসের কারুকাজ যোগ করেছে ভিন্নমাত্রা। এর ওপর মনামী পরেছেন হালকা ধূসর রঙের একটি ওভারসাইজড ব্লেজার।

ব্লেজারের ঢিলেঢালা কাট ও লেয়ারিং পুরো সাজে এনে দিয়েছে আধুনিক পাওয়ার ড্রেসিংয়ের আবহ। লালের সঙ্গে ধূসরের রঙের বৈপরীত্য লুকটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।


স্টাইলিংয়েও ছিল পরিমিতির ছাপ। খোলা চুল, চোখে বড় আকারের কালো সানগ্লাস, হাতে একটি ঘড়ি ও কয়েকটি আংটি—এই ছিল তাঁর অনুষঙ্গ। ভারী গয়নার বদলে মিনিমাল অ্যাকসেসরিজই বেছে নিয়েছেন তিনি।

মেকআপেও মিনিমাল টাচ । ফ্যাশনে নতুন কিছু চেষ্টা করতে মনামী ঘোষ কখনোই পিছপা নন। এবারও তার ব্যতিক্রম হলো না।

‘মেঘলা দিনে গঙ্গা পাড়ে’—এই আবহে তাঁর সহজ অথচ স্টাইলিশ উপস্থিতি মনে করিয়ে দেয়, সঠিক রঙের সমন্বয়, মানানসই লেয়ারিং আর আত্মবিশ্বাস- এই তিনেই তৈরি হয় একটি আকর্ষণীয় ফ্যাশন লুক।
ছবি: ইন্সটাগ্রাম