সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ঢাবির শহীদুল্লাহ হলে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, এজিএসের সিট বাতিল
ঢাবির শহীদুল্লাহ হলে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, এজিএসের সিট বাতিল

ঢাবির শহীদুল্লাহ হলে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, এজিএসের সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল ও তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হল প্রশাসন।

শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে গত ২৭ জুলাই এজিএস ইব্রাহীম খলিলের কক্ষে দুই তরুণ সমকামী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছেন বলে উল্লেখ করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে জানানো হলে তাঁরা ক্ষমা প্রার্থনা করেন।

এজিএস ইব্রাহীম খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী এক ফেসবুক পোস্টে দাবি করেন, গত ২৭ জুলাই ইব্রাহীম খলিলের কক্ষে তাঁর দুই অতিথিকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বক্তব্য ও স্বীকারোক্তি নেওয়া হয়। তিনি পোস্টে লেখেন, ঘটনাসংশ্লিষ্ট কিছু সংবেদনশীল ভিডিও প্রকাশযোগ্য নয় এবং প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইব্রাহীম খলিল ফেসবুকে লিখেছেন, ঘটনাটি তাঁর কক্ষে ঘটলেও এ বিষয়ে আগে থেকে তাঁর কোনো ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অতিথিরা চিকিৎসার জন্য এসেছিলেন বলে তিনি তাঁদের থাকতে দিয়েছিলেন। ঘটনার সময় তিনি কক্ষে ছিলেন না এবং পরে কেউ তাঁকে বিষয়টি জানাননি। বিষয়টি জানতে পেরেই তিনি এর নিন্দা জানিয়েছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন।

ফেসবুকে উত্থাপিত দাবির সত্যতা যাচাই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইব্রাহীম খলিল প্রথম আলোর এই প্রতিবেদককে একটি কল রেকর্ড পাঠান। ওই কল রেকর্ডে শোনা যায়, তাঁর এক অতিথি বলছেন, ‘শয়তানের ধোঁকা’য় তাঁরা খারাপ কাজে জড়িয়ে পড়তে যাচ্ছিলেন, তবে পুরোপুরি তাতে লিপ্ত হওয়ার আগেই ইব্রাহীম খলিলের রুমমেট তাঁদের দেখে ফেলেন। একই রেকর্ডে ইব্রাহীম খলিলকে বলতে শোনা যায়, তিনি বিষয়টি নিয়ে ওই অতিথির পরিবারের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে যাচ্ছেন।

ইব্রাহীম খলিল ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সমর্থনে শহীদুল্লাহ হলের সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ইব্রাহীম খলিল ইসলামী ছাত্রশিবিরের কর্মী।
এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া প্রথম আলোকে বলেন, ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হল সংসদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তৌকির হাসান বলেন, তাঁরা ইব্রাহীম খলিলের কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। এজিএস এবং তাঁর রুমমেটের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভ মিছিল

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত সোয়া ১০টার দিকে শহীদুল্লাহ হলের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। তারা হলের পুকুরপাড়ে জড়ো হয়ে নানা স্লোগান দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান।

About Editor Todaynews24

Check Also

আয়ারল্যান্ডে নিরাপত্তা জোরদার: আফগান সিরিজে বিক্ষোভের শঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তালেবান শাসনে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা, খেলাধুলা ও অন্যান্য স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধের প্রেক্ষাপটে আয়ারল্যান্ডে সিরিজটি আয়োজন করা নিয়ে নীতিগত প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *