সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জাল টাকায় সোনা কিনতে গিয়ে…
জাল টাকায় সোনা কিনতে গিয়ে...

জাল টাকায় সোনা কিনতে গিয়ে…

রাজধানীর বনানীর একটি জুয়েলারি দোকানে জাল টাকা দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টার অভিযোগে মো. রুবেল আহমেদ ফকির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল বনানী সুপার মার্কেটের একটি জুয়েলারি দোকানে ক্রেতা পরিচয়ে দুই ব্যক্তি প্রবেশ করেন। তাঁরা এক আত্মীয়ের বিয়ের জন্য ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ দেখিয়ে পছন্দের গয়না বিল করে প্যাকেট করতে বলেন।

পুলিশ আরও জানিয়েছে, একপর্যায়ে মূল্য পরিশোধের জন্য তাঁরা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে পরীক্ষা করে সেগুলো জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন রুবেলকে আটক করেন। অন্যজন পালিয়ে যান। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।

পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রুবেল আহমেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

About Editor Todaynews24

Check Also

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মোকাবিলায় মুসলিমদের ‘ঐক্যের’ ডাক ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর প্রতি আত্মনির্ভরশীলতা ও ‘প্রকৃত ভ্রাতৃত্ববোধ’ ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধেও ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *