সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন সহ–উপাচার্য লোকমান হোসেন
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন সহ–উপাচার্য লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন সহ–উপাচার্য লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সহ–উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেনকে সহ–উপাচার্য পদে নিয়োগের বিষয়টি জানানো হয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসরের তারিখ—যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি সহ–উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি বর্তমান পদের (অধ্যাপক) সমপরিমাণ বেতন–ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করে তিনি দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁর নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জৈব সংশ্লেষণ (অর্গানিক সিনথেসিস) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর তিনি পরিবেশ রসায়ন বিষয়ে গবেষণা কার্যক্রম শুরু করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টিতে পরিবেশ রসায়ন বিষয়ে একটি গবেষণা দল পরিচালনা করছেন। এই বিষয়ে এখন পর্যন্ত তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

About Editor Todaynews24

Check Also

দিল্লিতে আন্দোলনে সমর্থন বাড়ছে

দিল্লিতে আন্দোলনে সমর্থন বাড়ছে

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধী রাজনীতিবিদদের সংঘাত গতকাল বুধবার আরও তীব্র হয়েছে। সংসদের উভয় কক্ষের অধিবেশন তৃতীয় দিনেও ভন্ডুল হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনরত ছাত্রসমাজের প্রতিটি দাবি সমর্থন করে বলেছেন, গত এক দশকে ১৫৪টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে অথচ একজনও অপরাধী সাব্যস্ত হয়নি।গতকাল সংবাদ সম্মেলন করে রাহুল বলেন, ছাত্রসমাজ শিক্ষামন্ত্রী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *