সর্বশেষ খবর
Home / সকল আপডেট / এনসিপির মিছিলে ‘শিবির ধর’ স্লোগান, ‘মানসিক ভারসাম্যহীনের কাজ’ বলে ক্ষমা প্রার্থনা
এনসিপির মিছিলে ‘শিবির ধর’ স্লোগান, ‘মানসিক ভারসাম্যহীনের কাজ’ বলে ক্ষমা প্রার্থনা

এনসিপির মিছিলে ‘শিবির ধর’ স্লোগান, ‘মানসিক ভারসাম্যহীনের কাজ’ বলে ক্ষমা প্রার্থনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার একটি বিক্ষোভ মিছিলে ‘ধর ধর শিবির ধর’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে ২৮ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ধর ধর শিবির ধর’, ‘এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, এমন বিভিন্ন স্লোগান।

এ বিষয়ে আজ শনিবার সকালে এনসিপি সুন্দরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মিছিলের মধ্যে শিবির ধর বলে যে স্লোগান দিয়েছে, সে এনসিপির কেউ নয়। এ জন্য আমরা এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার ফেসবুক পেজে বিবৃতি দিয়েছি।’

হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে গত বুধবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল হয়। এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর শাখা মিছিলটির আয়োজন করে।

মিছিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দায়িত্বপ্রাপ্ত স্লোগানদাতা সাময়িকভাবে থেমে গেলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ হ্যান্ড মাইক নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে একটি উসকানিমূলক স্লোগান দেন।

মিছিলটি পুরোনো উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা শাখার আহ্বায়ক আল শাহাদৎ জামান, সদস্যসচিব ও জুলাই যোদ্ধা আশানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসী ও পৌর শাখার আহ্বায়ক আরিফুর রহমান।

এনসিপির বিবৃতি

এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মিছিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দায়িত্বপ্রাপ্ত স্লোগানদাতা সাময়িকভাবে থেমে গেলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ হ্যান্ড মাইক নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে একটি উসকানিমূলক স্লোগান দেন। বিষয়টি নজরে আসামাত্রই দায়িত্বপ্রাপ্ত নেতা–কর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁর কাছ থেকে হ্যান্ড মাইকটি কেড়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিবৃতিতে বলা হয়, ‘উক্ত স্লোগান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা শাখার কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, নীতি বা অবস্থানকে প্রতিফলিত করে না। এই অনভিপ্রেত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

About Editor Todaynews24

Check Also

ইসলামী ব্যাংকে দুই পদে চুক্তিভিত্তিক নিয়োগ, জেনে নিন আবেদনের তথ্য

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *