সর্বশেষ খবর
Home / সকল আপডেট / এঁটুলি পোকার কামড় খেয়ে ৪২ দিন কোমায় ছিলেন এই নারী
এঁটুলি পোকার কামড় খেয়ে ৪২ দিন কোমায় ছিলেন এই নারী

এঁটুলি পোকার কামড় খেয়ে ৪২ দিন কোমায় ছিলেন এই নারী

গ্রিসে বেড়াতে গিয়ে এঁটুলি পোকার (টিক পোকা) কামড় খাওয়ার পর এক নারী প্রায় ছয় সপ্তাহ কোমায় ছিলেন। ওই ঘটনার পর থেকে তাঁর স্মৃতিশক্তি কমে গেছে। তিনি খিঁচুনির সমস্যায় ভুগছেন। তাঁকে এখন দিনে ১৮টি ওষুধ খেতে হয়।

৫১ বছর বয়সী ওই নারীর নাম ভিক্টোরিয়া স্টেলাস। তিনি যুক্তরাজ্যের অ্যাংলেসির বাসিন্দা। ২০১৯ সালে গ্রিসের সিরোস দ্বীপে ছুটিতে বেড়াতে গিয়ে প্রথমে ফ্লুর মতো উপসর্গে আক্রান্ত হন ভিক্টোরিয়া। দেশে ফেরার পর তাঁর রাতে খিঁচুনি শুরু হয়।

ওই নারী হাসপাতালে গেলেও চিকিৎসকেরা প্রথমে তাঁর অসুস্থতার কারণ বুঝতে পারেননি। পরে এমআরআই পরীক্ষার পর তাঁকে হেলিকপ্টারে করে লিভারপুলের ওয়ালটন সেন্টারে নেওয়া হয়। সেখানে তাঁকে ৪২ দিন কৃত্রিমভাবে কোমায় রাখা হয়।

পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, ভিক্টোরিয়া এঁটুলি বা টিকবাহিত এনসেফালাইটিসে (টিবিই) আক্রান্ত হয়েছেন। এটি মস্তিষ্কে প্রদাহ তৈরি করে। অনেক সময় তা প্রাণঘাতীও হতে পারে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) তথ্য অনুযায়ী, এঁটুলি পোকা বা টিকবাহিত এনসেফালাইটিস (টিবিই) একটি ভাইরাসজনিত সংক্রমণ। এটি ইউরোপ, রাশিয়া, চীন ও জাপানের কিছু অঞ্চলে দেখা যাওয়া এঁটুলি পোকার কামড়ের মাধ্যমে ছড়ায়।

এক সন্তানের মা ভিক্টোরিয়া বলেন, ‘এ ঘটনা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। কাজ ছাড়া এখন আমি আর আগের মতো তেমন একটা বাইরে যাই না।’

ভিক্টোরিয়া গ্রিসে স্বামীর ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁর ধারণা, ওই বাড়িতে থাকার সময়ই তাঁকে এঁটুলি পোকা কামড় দিয়েছে। কারণ, সেখানে ছাগল ছিল। আর ছাগলের শরীরে প্রায়ই এঁটুলি পোকা থাকে।

ভিক্টোরিয়া বলেন, ‘আমার বারবার খিঁচুনি হচ্ছিল, কিন্তু কী হয়েছে তা কেউ বুঝতে পারছিল না। এটি খুবই বিরল ধরনের সংক্রমণ ছিল। আমার মনে হয়, রোগটি শনাক্ত করার মতো বিশেষজ্ঞ সেখানে ছিল না।’

ভিক্টোরিয়া বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে চিকিৎসা শেষ হতে আমার প্রায় ছয় মাস লেগেছিল। এখন অনেক সময় আমি চুপচাপ থাকি। আগে আমি খুব প্রাণবন্ত ছিলাম।’

অসুস্থ হওয়ার আগে একটি পাবে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে শিক্ষকের সহকারী হিসেবে চাকরি করতেন ভিক্টোরিয়া। তবে অসুস্থতার কারণে তাঁকে দুটি চাকরিই হারাতে হয়েছে।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেনেডিক্ট মাইকেল প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো সংক্রামক রোগ নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, গত ৩০ বছরে বিশ্বজুড়ে এঁটুলি বা টিকবাহিত এনসেফালাইটিস (টিবিই) রোগীর সংখ্যা বেড়েছে। তবে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা এখনো খুবই কম।

ভিক্টোরিয়া বলেন, ‘আমাকে এমন একটি কাজের কথা বলুন, যেখানে স্মৃতিশক্তির প্রয়োজন হয় না। জীবনের প্রতিটি কাজেই স্মৃতিশক্তি লাগে। বাজার করা, চাকরি করা, ভ্রমণ করা—সবকিছুতেই। বাড়ি ফিরে যখন আবার শিক্ষক সহকারী হিসেবে কাজে যোগ দেওয়ার চেষ্টা করি, তখন বিভিন্ন শ্রেণির শিশু ও সহকর্মীদের নাম মনে রাখতে পারতাম না। আমি সবাইকে চিনতে পারতাম, কিন্তু তাঁদের নাম মনে পড়ত না। আর আজও এই সমস্যাটি থেকে গেছে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) তথ্য অনুযায়ী, এঁটুলি পোকা বা টিকবাহিত এনসেফালাইটিস একটি ভাইরাসজনিত সংক্রমণ। এটি ইউরোপ, রাশিয়া, চীন ও জাপানের কিছু অঞ্চলে দেখা যায়, এঁটুলি পোকার কামড়ের মাধ্যমে এটি ছড়ায়।

এনএইচএস আরও বলেছে, যুক্তরাজ্যে এঁটুলিবাহিত এনসেফালাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি খুবই কম। সেখানে এঁটুলি পোকার কামড় খেলেও গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনাও তুলনামূলক কম।

এঁটুলি পোকার কামড়ের প্রায় এক সপ্তাহ পর আক্রান্ত ব্যক্তির ক্লান্তি, মাথাব্যথা এবং সংক্রমণের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে খিঁচুনি, বিভ্রান্তি, জড়িয়ে কথা বলা এবং শরীরের কোনো অংশ নাড়াতে না পারার মতো সমস্যাও থাকতে পারে।

এনএইচএসের পরামর্শ অনুযায়ী, যেসব দেশে এঁটুলিবাহিত এনসেফালাইটিসে সংক্রমণ বেশি, সেখানে ভ্রমণ করার অন্তত এক মাস আগে এর প্রতিরোধী টিকা নেওয়া উচিত।

গ্রিসে জন্ম নেওয়া ভিক্টোরিয়া পাঁচ বছর বয়সে ওয়েলসে চলে যান। ভিক্টোরিয়া প্রতিবছরই ছুটি কাটাতে গ্রিসে যান। তবে তিনি বলেছেন, এঁটুলিবাহিত এনসেফালাইটিসের টিকার বিষয়ে তাঁর আগে কোনো ধারণাই ছিল না।

ভিক্টোরিয়া চান, মানুষ এই রোগ সম্পর্কে আরও সচেতন হোক। তাঁর অনুরোধ, যাঁরা টিবিইর জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত এলাকায় ভ্রমণে যাবেন বা বনাঞ্চল কিংবা পশুপাখির কাছাকাছি সময় কাটাবেন, তাঁরা যেন অবশ্যই আগে টিকা নিয়ে নেন।

বর্তমানে ভিক্টোরিয়াকে দৈনন্দিন বিভিন্ন কাজ মনে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করতে হয়।

টিক বা এঁটুলি পোকা

ভিক্টোরিয়া বলেন, ‘এখন রাতে আগের মতো ঘন ঘন খিঁচুনি হয় না। আমি এখন মায়ের সঙ্গে একই ঘরে ঘুমাই। বছরের পর বছর আমার পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদের পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’

ভিক্টোরিয়ার মা লিজ স্টেলাস বলেন, ‘যেসব বিষয় দেখতে একেবারে নিরীহ মনে হয়, সেগুলো সম্পর্কেও সতর্ক থাকতে হবে। কারণ, বাস্তবে সেগুলো তেমন নিরীহ নয়। পোকার কামড় আপনার জীবন আমূল বদলে দিতে পারে। আমার মনে হয়, এ বিষয়ে অনেক মানুষেরই সচেতনতা নেই।‘

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেনেডিক্ট মাইকেল প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো সংক্রামক রোগ নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, গত ৩০ বছরে বিশ্বজুড়ে এঁটুলি বা টিকবাহিত এনসেফালাইটিসের (টিবিই) রোগীর সংখ্যা বেড়েছে। তবে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা এখনো খুবই কম।

মাইকেল বলেন, ইউরোপ ও পূর্ব এশিয়ায় এ রোগ তুলনামূলক বেশি দেখা গেলেও নির্দিষ্ট কোনো এলাকাকে বড় ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করাটা খুব সহজ নয়।

তবে মাইকেলের মতে, ভিক্টোরিয়ার মতো গুরুতর সংক্রমণের ঘটনা খুবই বিরল।

মাইকেল বলেন, মোট আক্রান্ত ব্যক্তির মধ্যে প্রায় ৩ শতাংশের মস্তিষ্কে সংক্রমণজনিত জটিলতা দেখা দেয়। আর বাকি ৯৭ শতাংশের হয় কোনো উপসর্গই থাকে না অথবা অল্প সময়ের জন্য তীব্র ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। যদিও তা বেশ কষ্টদায়ক।

এ রোগের ক্ষেত্রে কার্যকর কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই উল্লেখ করে মাইকেল বলেন, ভিক্টোরিয়ার মতো কারও এনসেফালাইটিস হলে চিকিৎসার মূল লক্ষ্য থাকে তাঁকে নিরাপদ রাখা এবং খিঁচুনি ও এ ধরনের জটিলতা নিয়ন্ত্রণ করা।

এই রোগের টিকা নেওয়ার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন মাইকেল।

About Editor Todaynews24

Check Also

রাশিয়ায় এক নারীর বহন করা বোমায় নিহত ৩, আহত ২১

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত রেস্তোরাঁর কাছে এক নারীর বহন করা ঘরে তৈরি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *