সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম

‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম

গ্র্যামি অ্যাওয়ার্ডসে গান জমা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। দলটির এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের ঢেউ উঠেছে।

ভক্তরা ‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’ হ্যাশট্যাগে নিজেদের অবস্থান জানাচ্ছেন।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিটিএস জানিয়েছে, সংগীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে ভাগ না করে তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে গ্রহণ করা উচিত। এরপরই ব্যান্ডটির ভক্তগোষ্ঠী আর্মি সক্রিয় হয়ে ওঠে।

ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিএসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন। ‘আমরা বিটিএসের পাশে আছি’ ও ‘বিটিএস নিয়ে গর্বিত’, এমন বার্তা দিয়ে তৈরি হ্যাশট্যাগগুলোয় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মাধ্যম।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমির নতুন ‘এশিয়ান পপ’ বিভাগ নিয়ে আপত্তির কারণেই গ্র্যামিতে গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিএস।

ভক্তদের অনেকেই মনে করছেন, সংগীতকে আলাদা কোনো অঞ্চলের পরিচয়ে সীমাবদ্ধ না রেখে বিশ্বজনীনভাবে মূল্যায়নের দাবিই জানাচ্ছে ব্যান্ডটি।

বিটিএসের এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে গান শোনার ক্ষেত্রেও। সংগীতসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘অ্যারিরাং’–এর গান ‘এলিয়েনস’ আজ বৃহস্পতিবার বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলের আইটিউনস গানের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

গানটিতে বিশ্বসংগীতের মঞ্চে কোরীয় শিল্পী হিসেবে বিটিএসের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ভিন্নতাকে গ্রহণ করা ও নিজেদের পথ নিজেরাই তৈরি করার বার্তা রয়েছে গানটির কথায়। গ্র্যামি নিয়ে বিটিএসের অবস্থানের সঙ্গে গানের বক্তব্যের মিল থাকায় ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগেও গুরুত্বপূর্ণ সময়ে বিটিএসকে সমর্থন দিতে ভক্তরা বিভিন্ন প্রচারণা চালিয়েছেন। ব্যান্ডটির নতুন যাত্রার আগে ২০১৮ সালের গান ‘অ্যানপ্যানম্যান’ যুক্তরাষ্ট্রের বিলবোর্ড বিশ্ব ডিজিটাল গান বিক্রির তালিকার শীর্ষে উঠেছিল।
বিটিএসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। দক্ষিণ কোরিয়ার হিপহপ দল এপিক হাইয়ের সদস্য ট্যাবলো এ সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন। নেটফ্লিক্সের অ্যানিমেশন চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’–এর পরিচালক ম্যাগি ক্যাং সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে হাততালির ইমোজি দিয়েছেন।

‘এলিয়েনস’ গানের প্রযোজক মার্কিন সংগীত প্রযোজক মাইক উইল মেড–ইটও সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিএসকে সমর্থন জানিয়েছেন।

এদিকে বিটিএসের ঘোষণার পর নতুন এশিয়ান পপ বিভাগ নিয়ে ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হার্ভি মেসন জুনিয়র বলেছেন, নতুন বিভাগ চালুর উদ্দেশ্য এশিয়ার শিল্পীদের স্বীকৃতি বাড়ানো; তাঁদের আলাদা করে রাখা নয়।

ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি অবলম্বনে

About Editor Todaynews24

Check Also

পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত

দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ১টার কিছু পর, রাজধানী লিমা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে পিসকো শহরে। সেখানকার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *