সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২ আগস্টের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। পরে জনসংযোগ দপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এমতাজ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে আছেন আল–হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্যানেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাজ্জাত হোসেন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ ও হিসাব বিভাগের উপ–হিসাব পরিচালক ইসরাফুল হক।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত। এর পরিপ্রেক্ষিতে অভিযোগসংবলিত প্রতিবেদনটি তদন্ত করবে কমিটি। অভিযোগ ওঠা সংশ্লিষ্ট শিক্ষকদের চিহ্নিত করার পাশাপাশি করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই প্রতিবেদনে প্রকাশিত অভিযোগ অনুযায়ী, বিগত সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও আন্দোলনকারীদের হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের কোনো ভূমিকা ছিল কি না, সেটিও অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ৩০ অক্টোবর সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভায় জুলাই গণ–অভ্যুত্থানবিরোধী ভূমিকার অভিযোগে ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা ও ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সাময়িক বরখাস্ত হওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তার শাস্তি মওকুফ করে তাঁদের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

About Editor Todaynews24

Check Also

‘আগের সরকার গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় কূপ খনন করেনি’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, আগের সরকার গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় গ্যাসকূপ খনন করেনি। দেশে নতুন কূপ সৃষ্টি ও গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়নি। বিএনপি দায়িত্ব নেওয়ার আগেই এসব সমস্যা ছিল। পাঁচ মাসে সবকিছু সমাধান হয়ে যাবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *