সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ইন্টারকন্টিনেন্টালে জমে উঠেছে ওয়েডিং ফেস্টিভ্যাল
ইন্টারকন্টিনেন্টালে জমে উঠেছে ওয়েডিং ফেস্টিভ্যাল

ইন্টারকন্টিনেন্টালে জমে উঠেছে ওয়েডিং ফেস্টিভ্যাল

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে আজ শুরু হয়েছে দুই দিনব্যাপী ওয়েডিংস ফেস্টিভ্যাল। উৎসব চলবে আগামীকাল, ১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে কোনো প্রবেশমূল্য লাগবে না। বিয়ের পরিকল্পনা থাকুক বা না-ই থাকুক, বিয়ের উৎসবের আমেজ আর নতুন ট্রেন্ড উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন এই আয়োজন থেকে।

ভেন্যুর প্রবেশদ্বারে পৌঁছাতেই মনে হলো, যেন কোনো পাঁচতারকা হোটেলে নয়, ঢুকে পড়েছি সাজানো এক বিয়েবাড়িতে। ফুলে মোড়া প্রবেশপথ, ঝলমলে আলোকসজ্জা আর চারপাশজুড়ে বিয়ের আমেজ—প্রথম দেখাতেই মন ভালো করে দেওয়ার মতো। ভেতরে পা রাখতেই চোখে পড়ল নান্দনিক ওয়েডিং স্টেজ, ঐতিহ্যবাহী সাজানো পালকি, ছবি তোলার জন্য আলাদা ফটো কর্নার। চারদিকে এমনভাবে সাজানো হয়েছে, যেন প্রতিটি কোণই একটি বিয়ের অ্যালবামের অংশ।

এই আবহের মধ্যেই আজ ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল এই হোটেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির সহযোগিতায় আয়োজিত উৎসব চলবে আগামীকাল, ১ আগস্ট পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত যে কেউ বিনা মূল্যে অংশ নিতে পারবেন।

ভেন্যুতে ঢোকার পর আরেকটি স্টল বারবার দর্শনার্থীদের টেনে নিচ্ছিল। পান টেম্পটেশন-এর রঙিন স্টলে নানা ধরনের পানের আয়োজন। একেকটি পান যেন একেকটি ছোট্ট শিল্পকর্ম। অনেকেই ঘুরে ঘুরে ছবি তুলছেন, আবার শেষে পান খেয়ে তবেই বের হচ্ছেন। শুধু পানই নয়, ভেন্যুর বিভিন্ন প্রান্তে ছিল মুখরোচক নানা খাবারের আয়োজন, যা পুরো উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

যাঁরা বিয়ের ভোজের স্বাদ নিতে চান, তাঁদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে  ১ আগস্ট পর্যন্ত পরিবেশন করা হচ্ছে ওয়েডিং-থিমড ডিনার। খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের দাওয়াতের জনপ্রিয় সব পদ থাকছে এই মেনুতে। নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই ওয়ান, গেট থ্রি’ বিশেষ অফার।

তবে উৎসবের প্রথম দিনের আকর্ষণীয় মুহূর্ত ছিল ফ্যাশন শো। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কোরিওগ্রাফিতে র‍্যাম্পে উঠে আসেন একঝাঁক মডেল। তাঁদের পরনে ছিল ডিজাইনার ব্র্যান্ড সারাহ্ করিম কতুর ও জুরহেম-এর বিয়ের পোশাক। কোথাও ঐতিহ্যবাহী কারুকাজে ভরা ব্রাইডাল লেহেঙ্গা, কোথাও সমসাময়িক নকশার শাড়ি , আবার কোথাও রাজকীয় শেরওয়ানি। আলো, সংগীত আর বিয়ের আবহ মিলিয়ে পুরো র‍্যাম্প যেন হয়ে উঠেছিল এক জীবন্ত ওয়েডিং স্টোরি।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার আয়োজনে এটিই প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল। তাই শুধু পোশাকের প্রদর্শনী নয়, বিয়ের পরিকল্পনার প্রায় সব ধরনের সেবা ও সমাধান মিলছে এক ছাদের নিচে।

এখানে রয়েছে এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজ, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গয়না, বিউটি ও গ্রুমিং, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, হানিমুন পরিকল্পনা, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, প্রিমিয়াম ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, আন্তর্জাতিক মানের প্রসাধনী এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী।

উৎসবে অংশ নিয়েছে দেশি-বিদেশি নানা স্বনামধন্য ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে সারাহ্ করিম কতুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা এবং মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ।

ফলে পোশাক থেকে শুরু করে ভ্রমণ, সৌন্দর্যচর্চা, গৃহসজ্জা কিংবা বিলাসবহুল গাড়ি—বিয়েকে ঘিরে প্রয়োজনীয় প্রায় সবকিছুরই খোঁজ মিলছে এখানে।

আয়োজনে শুধু কেনাকাটা বা প্রদর্শনী নয়, রয়েছে প্রয়োজনীয় পরামর্শও। সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্যজীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনা মূল্যে পরামর্শ নেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা এ ধরনের আয়োজনকে আরও অর্থবহ করেছে।

দিনজুড়ে সাংস্কৃতিক পরিবেশনা, জালেওর কাওয়ালি এবং নানা আয়োজন দর্শনার্থীদের ব্যস্ত রেখেছে। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বিজয়ীদের জন্য থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ বিভিন্ন পুরস্কার।

সব মিলিয়ে এটি শুধু একটি ওয়েডিং এক্সপো নয়; বরং বিয়েকে ঘিরে স্বপ্ন, পরিকল্পনা, ফ্যাশন, খাবার, বিনোদন ও অভিজ্ঞতার এক পূর্ণাঙ্গ উৎসব। আজ যারা আসতে পারেননি, তাঁদের জন্য সুখবর হলো—উৎসব চলবে আগামীকালও।

তাই বিয়ের পরিকল্পনা থাকুক বা না-ই থাকুক, বিয়ের সাজ, নতুন ট্রেন্ড, সুস্বাদু খাবার আর উৎসবের আবহ উপভোগ করতে চাইলে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এই আয়োজন ঘুরে দেখা যেতেই পারে।

ছবি: হাল ফ্যাশন

About Editor Todaynews24

Check Also

ব্রেন টিউমারের যত লক্ষণ

ব্রেন টিউমারের যত লক্ষণ

টিউমার সন্দেহ হলে মস্তিষ্কের ইমেজিং যেমন এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে তা জানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *