সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ইনফান্তিনোর ওপর আস্থা নেই, বলল উয়েফা
ইনফান্তিনোর ওপর আস্থা নেই, বলল উয়েফা

ইনফান্তিনোর ওপর আস্থা নেই, বলল উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আর আস্থা নেই বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। ফিফার নতুন প্রতিষ্ঠানের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পর দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, শুধু উয়েফাই নয়, ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থাও হারিয়েছেন ইনফান্তিনো।

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালনাগত কার্যক্রম দেখভালের জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবই আঞ্চলিক কনফেডারেশনগুলোর তীব্র সমালোচনার জন্ম দেয়। উয়েফা, কনক্যাকাফ ও এএফসির বিরোধিতার মুখে শনিবার ভোরে ইনফান্তিনো পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন।

পরিকল্পনা প্রত্যাহারকে স্বাগত জানালেও উয়েফা বলেছে, পুরো ঘটনাই ফিফার বর্তমান নেতৃত্বের প্রতি তাদের আস্থা নষ্ট করেছে।

বিবৃতিতে উয়েফা বলেছে, ‘গোপন পরিকল্পনা, তড়িঘড়ি সময়সূচি, পরিচয়হীন ব্যক্তিদের তৈরি এবং ফুটবলের জন্য সন্দেহজনক উপকার বয়ে আনতে পারে—এ ধরনের প্রক্রিয়ায় আমরা আর এগোতে পারি না। এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো তা পর্যালোচনা করতে এবং ভবিষ্যতে যেন এমন কিছু আর না ঘটে, সেই পরিকল্পনার কথাও বলেছে উয়েফা, ‘এই পর্যালোচনা হতে হবে গভীর ও মৌলিক। কোনো বিকল্পই আলোচনার বাইরে থাকা উচিত নয়। বর্তমান ফিফা নেতৃত্ব শুধু উয়েফারই নয়, ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থাও হারিয়েছে।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

বিবৃতিতে ১০ বছর আগে ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেয় উয়েফা। তখন তিনি স্বচ্ছতার অঙ্গীকার করেছিলেন এবং বলেছিলেন, ‘ফিফার অর্থই আপনাদের অর্থ।’

সে প্রসঙ্গ টেনে উয়েফা বলেছে, ‘এই দুই প্রতিশ্রুতির কোনোটিই তিনি রাখতে পারেননি। যে অস্বচ্ছ, আড়াল-আবডালের চুক্তি তিনি তৈরি করেছিলেন এবং চাপিয়ে দিতে চেয়েছিলেন, সেটি কোনোভাবেই স্বচ্ছ ছিল না। ফিফার রিজার্ভে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ থাকা সত্ত্বেও তিনি সেই অর্থ সদস্য সংস্থাগুলোর এবং ফুটবলের স্বার্থে ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন।’

ফিফা ফরোয়ার্ড কর্মসূচির মাধ্যমে সম্পদ বণ্টনের নতুন পদ্ধতির প্রস্তাবের প্রসঙ্গ টেনে উয়েফা বিবৃতিতে আরও লিখেছে, ‘ফিফার ব্যাংক হিসাবে অলস পড়ে থাকা অর্থের একটি অংশ এখন ব্যবহার শুরু করতে হবে, যাতে ২১১টি সদস্যদেশে তৃণমূল ও সামগ্রিক ফুটবল কাঠামো প্রয়োজনীয় গতি পায়। কিন্তু এর জন্য পারিবারিক রুপার বাসন বিক্রি করার প্রয়োজন নেই।’

আঞ্চলিক সংস্থাগুলোর চাপে ফিফার পরিকল্পনা থেকে সরে আসাকে ফুটবলের সাফল্য হিসেবে উল্লেখ করেছে উয়েফা, ‘এটি পুরো ফুটবলের জয়। কিন্তু এখানেই গল্পের শেষ হওয়া উচিত নয়। প্রস্তাবটি চলে গেছে, কিন্তু ফিফার প্রতি বিশ্বাস পুনর্গঠনের কাজ কেবল শুরু হলো।’

About Editor Todaynews24

Check Also

আদালত প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীদের হাতাহাতি

আদালত প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীদের হাতাহাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *