সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘আমার হৃদয় ভেঙে দিয়েছে’, দিল্লির আন্দোলন নিয়ে এবার বললেন আলিয়া
‘আমার হৃদয় ভেঙে দিয়েছে’, দিল্লির আন্দোলন নিয়ে এবার বললেন আলিয়া

‘আমার হৃদয় ভেঙে দিয়েছে’, দিল্লির আন্দোলন নিয়ে এবার বললেন আলিয়া

ভারতজুড়ে শিক্ষার্থীদের মধ্যে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে এসেছেন বলিউডের একাধিক তারকাও। আজ বৃহস্পতিবার গভীর রাতে অভিনেত্রী হুমা কুরেশি তাঁর ভাই অভিনেতা-প্রযোজক সাকিব সেলিমকে নিয়ে যন্তর মন্তরে যান। অন্যদিকে মুম্বাইয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন অভিনেতা ইমরান খান।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র সিংয়ের পদত্যাগের দাবিতে যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এখনো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। এরই মধ্যে হুমা কুরেশি ও সাকিব সেলিম আন্দোলনস্থলে পৌঁছে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

আন্দোলনস্থলে হুমা ও সাকিবের উপস্থিতির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাই-বোনকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এবং তাঁদের পাশে দাঁড়াতে দেখা গেছে। জানা যায়, দিবাগত রাত প্রায় একটা নাগাদ তাঁরা যন্তর মন্তরে পৌঁছে বিক্ষোভে অংশ নেন।

মুম্বাইয়েও নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। গতকাল বুধবার সেখানে অনুষ্ঠিত এক প্রতিবাদ মিছিলে অংশ নেন অভিনেতা ইমরান খান। মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিজেপির নেতৃত্বে চলা আন্দোলনের প্রতি সমর্থন জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বৃষ্টির মধ্যে শত শত শিক্ষার্থীর সঙ্গে হাঁটতে, আন্দোলনকারীদের শুভেচ্ছা জানাতে এবং তাঁদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় ইমরান খানকে।

শিক্ষার্থীদের পাশে ইমরান খান। এক্স থেকে

অন্যদিকে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও শিক্ষার্থীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি শেয়ার করে লিখেছেন, ‘গত কয়েক দিন আমার হৃদয় ভেঙে দিয়েছে, আবার বারবার আশাও জাগিয়েছে। নিজের অবস্থানে অটল থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষকে প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।’

আন্দোলনটিকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করে আলিয়া আরও লেখেন, ‘তাদের সাহস আমাকে বিনম্র করে। তাদের দৃঢ়তা আমাদের সবার সামনে একটি আয়না তুলে ধরে, যা আমাদের প্রশ্ন করে—আমরা কি সত্যিই সেই মানুষগুলোর কথা শুনছি, যারা আগামী দিনে এই দেশকে উত্তরাধিকারসূত্রে পাবে এবং গড়ে তুলবে?’
শেষে সংহতির বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের।’

আলিয়া ভাট। এএফপি

শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি ইতিমধ্যে আরও কয়েকজন তারকা সমর্থন জানিয়েছেন। এর আগে সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন।

About Editor Todaynews24

Check Also

স্ত্রীর মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন কারাগারে

স্ত্রীর মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন কারাগারে

এক কোটি টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *