মৌলভীবাজারে বাড়ছে শীত ও কুয়াশা। দুদিন ধরে তাপমাত্রার পারদ নিম্নমুখী। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে। শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কমতে শুরু করবে তাপমাত্রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, শ্রীমঙ্গলে সকাল ৯টায় তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। যদিও সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল এখানে। তবে সূর্যের উষ্ণতা থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি রয়েছে।
এদিকে সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও হাওর, পাহাড় ও চা বাগান এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে চা-বাগানগুলোয় শীত বেশি থাকায় কাজ করতে বেগ পেতে হয় চা শ্রমিকদের।
তারা বলছেন, শ্রমজীবী নারী-পুরুষরা শীত নিবারণের জন্য গরম কাপড় ও কম্বলের অভাবে কষ্টে দিনযাপন করছে। তাদের খোঁজখবর প্রশাসনের কেউ রাখে না। সন্ধ্যায় চা বাগানে প্রচণ্ড শীত অনুভূত হয়। সবার ঘরে চাহিদামতো গরম কাপড় নেই। সরকারের পক্ষ থেকে যদি শীতের কাপড় বিতরণ করা হতো তাহলে উপকার হতো। শীত উপেক্ষা করেই ভোরবেলায় কাজের তাগিদে ঘর থেকে বের হতে হয়।
মৌলভীবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, ‘জেলায় ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম দফায় নগদ বরাদ্দ পাওয়া গেছে ২১ লাখ টাকা। দ্বিতীয় দফায় সাড়ে ২৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব টাকা উপজেলার নির্বাহী কর্মকর্তার অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে। কম্বল কিনে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।’
এদিকে সারা দেশের আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিন রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।