সর্বশেষ খবর
Home / সকল আপডেট / শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের
শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের

শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসে করে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

পরে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালতকক্ষে কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

আদেশ ঘোষণার আগে লতিফ সিদ্দিকী আদালতে বক্তব্য দিতে চান বলে তাঁর আইনজীবী আবেদন করেন। তবে ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেননি। এরপর কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে লতিফ সিদ্দিকী বলেন, ‘মহামান্য আদালত, আপনার দৃষ্টি আকর্ষণ করছি।’

লতিফ সিদ্দিকী কয়েকবার একই কথা বললে ট্রাইব্যুনাল বলেন, ‘কে কথা বলছে? তাঁকে কথা বলার জন্য কে অ্যালাউ করেছে। আজকের মতো এখানেই স্টপ।’

এ সময় লতিফ সিদ্দিকী বলেন, ‘হায়রে হায় হায়। এই যদি হয় আদালত, আমি কোথায় যাই।’ এরপর পুলিশ সদস্যরা তাঁর কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ট্রাইব্যুনাল এজলাস ত্যাগ করার পর পুলিশ সদস্যরা লতিফ সিদ্দিকীকে বসতে বললে তিনি বলেন, ‘চুপ, আমি বসব কি দাঁড়িয়ে থাকব, এটা আমার ব্যাপার।’

কাদের সিদ্দিকী একপর্যায়ে লতিফ সিদ্দিকীর কাছে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁকে বাধা দেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে আসামিপক্ষের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়।

শাপলা চত্বরের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে লতিফ সিদ্দিকীসহ ১১ জন বর্তমানে গ্রেপ্তার আছেন।

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গুলশানে নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে ডিবি গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাঁকে আসামি করে পুলিশ। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পান। তবে মামলাটি এখনো চলছে এবং তাঁকে হাজিরা দিতে হচ্ছে আদালতে।

About Editor Todaynews24

Check Also

সামনে–পেছনে পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে: সারজিস আলম

সামনে–পেছনে পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে: সারজিস আলম

সারজিস আলমকে বহনকারী গাড়ি সিলেটের দিকে চলে যেতে দেখা যায়। পরে সিলেট সা‌র্কিট হাউসে ফিরে সারজিস আলম বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলা চা‌লিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *