সর্বশেষ খবর
Home / অর্থনীতি / টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার
টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনা হচ্ছে। এ জন্য সরকারের ব্যয় হবে ২৬১ কোটি ৬৭ লাখ টাকা।

আজ বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে কৃষির জন্য সার, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, বিদ্যুৎ অবকাঠামো ও খাদ্যশস্য সংরক্ষণসহ মোট নয়টি ক্রয়প্রস্তাব আজ সরকারি ক্রয় কমিটিকে অনুমোদিত হয়।

স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হচ্ছে মসুর ডাল। প্রতি কেজির দাম ধরা হয়েছে ৮০ টাকা ১৭ পয়সা। এতে সরকারের ব্যয় হবে ৮০ কোটি ১৭ লাখ টাকা। ৫ হাজার টন ডাল সরবরাহ করবে ঢাকার মদিনা ট্রেডিং করপোরেশন। বাকি ৫ হাজার টন সরবরাহ করবে খুলনার জয়তুন অটো রাইস ও ডাল মিলস লিমিটেড।

চলতি অর্থবছরে টিসিবির ডাল কেনার লক্ষ্যমাত্রা ১ লাখ ৬২ হাজার ৫৭৬ টন। এর মধ্যে ইতিমধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯৪৭ টন কেনা হয়েছে। নতুন এই ক্রয়ের মাধ্যমে অবশিষ্ট চাহিদার একটি অংশ পূরণ হবে।

এদিকে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে এবং যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে তেল সংগ্রহ করা হবে। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা। এতে সরকারের ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।

টিসিবির জন্য ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ১৫ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮১৪ লিটার কেনা হয়েছে। নতুন এ ক্রয়ের মাধ্যমে মজুত আরও বাড়বে এবং টিসিবির ভর্তুকি মূল্যের বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে।

৪০ হাজার টন এমওপি সার আমদানি

বৈঠকে চট্টগ্রাম বন্দরের ছয়টি কার্গো বার্থে পাঁচ বছরের জন্য অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৬৪ কোটি টাকা। বর্তমান অপারেটরদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে। কানাডীয় কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) মাধ্যমে ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। এতে ব্যয় হবে ১৯২ কোটি ৯ লাখ ৯১ হাজার টাকা।

এ ছাড়া অনুমোদিত হয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১২ কোটি টাকার একটি প্রস্তাব এবং নোয়াখালীর ভাসানচরে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি ব্যাকআপ ও বিতরণব্যবস্থা নির্মাণেও ১৭৪ কোটি টাকার আরেকটি প্রস্তাব।

ব্যয় বেড়েছে রুয়েট ভবন নির্মাণে

বৈঠকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব। মূল চুক্তির মূল্য ছিল ৩৭ কোটি ৭৭ লাখ টাকা। নকশা পরিবর্তন ও প্রাক্কলনে ত্রুটির কারণে আরও ৭ কোটি ৩৩ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির চুক্তিমূল্য বেড়ে দাঁড়াবে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা, যা মূল চুক্তির তুলনায় প্রায় ১৯ দশমিক ৪২ শতাংশ বেশি।

এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৪৫ কোটি ৬৮ লাখ টাকার পরামর্শক নিয়োগ এবং খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনতে ১১১ কোটি টাকার প্রস্তাবও অনুমোদিত হয়।

About Editor Todaynews24

Check Also

যেদিন সাক্ষাৎকার, সেদিনই চাকরি, ১৮ আগস্ট ঢাকায় চাকরি মেলা

যেদিন সাক্ষাৎকার, সেদিনই চাকরি, ১৮ আগস্ট ঢাকায় চাকরি মেলা

এক দিনেই সরাসরি সাক্ষাৎকার ও চাকরির সুযোগ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার-২০২৬। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে এক শর বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আগামী ১৮ আগস্ট এই চাকরি মেলার আয়োজন করছে আকিজ রিসোর্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সটজবজ। প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।আয়োজনটি দুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *