সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন

চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের টানে চীন থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে এসেছেন ওয়্যাং সুলিন (৩০) নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন নাজমিন আক্তার ওরফে লিজা (২০) নামের এক তরুণীকে। ধর্মান্তরের পর ওয়্যাং সুলিনের নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।

২১ জুলাই আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। আজ শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় কনের পরিবারের পক্ষ থেকে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়। বিদেশি জামাইকে দেখতে কনের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।

নাজমিন আক্তার মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা মো. নাজিম উদ্দিন স্থানীয়ভাবে ফার্নিচারের ব্যবসা করেন। তাঁদের বাড়ি পাশের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তাঁরা মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া থাকেন। অন্যদিকে ওয়্যাং সুলিন ওরফে নুর উদ্দিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। পেশায় তিনি একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।

নাজমিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই মাস আগে ফেসবুকে নাজমিনের সঙ্গে ওয়্যাং সুলিনের পরিচয় হয়। নিয়মিত কথাবার্তার এক পর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবারই সম্মতি দেয়। এরপর ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকার বিমানবন্দরে নাজমিনের পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে তাঁকে মোহনগঞ্জে নিয়ে যাওয়া হয়। ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করার পর আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

চীনের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে বিয়ে করেছেন মোহনগঞ্জের নাজমিনকে

বিদেশি নাগরিকের সঙ্গে বিয়েকে কেন্দ্র করে প্রতারণার বিভিন্ন ঘটনা সামনে আসায় শুরু থেকেই সতর্ক ছিল নাজমিনের পরিবার। চীনা যুবকের পরিচয় ও পারিবারিক তথ্য যাচাই করতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি চীনা দূতাবাসেও খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাজমিনের বাবা মো. নাজিম উদ্দিন।

তিনি বলেন, ‘ছেলের মা–বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেছি। চীনা দূতাবাসেও গিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছি। সব তথ্য সঠিক পাওয়ার পর আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে বিয়ের সিদ্ধান্ত নিই।’

নাজিম উদ্দিন আরও বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তাঁর জামাই চীনে ফিরে যাবেন। সেখানে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নাজমিনকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।

চীন থেকে জামাই আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় লোকজনের অনেকে কনের বাড়িতে গিয়ে ওই যুবককে দেখছেন। কেউ কেউ তাঁর সঙ্গে ছবি তুলছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল আরিফ বলেন, ‘পত্রপত্রিকায় বিদেশি নাগরিকের সঙ্গে বিয়েকে কেন্দ্র করে প্রতারণার বিভিন্ন খবর পড়েছি। তাই প্রথমে কিছুটা চিন্তা ছিল। তবে মেয়ের বাবা চীনা দূতাবাস ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন। এখন সন্দেহের কোনো কারণ দেখছি না। আমরা নবদম্পতির সুখী জীবন কামনা করি।’

কনের পরিবার জানিয়েছে, আজকের অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্রের প্রক্রিয়া শেষ করে স্ত্রী নাজমিনকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ওয়্যাং সুলিন ওরফে নুর উদ্দিনের।

About Editor Todaynews24

Check Also

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন

লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে দেখা গেছে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। একটি ক্যাসিনো থেকে বের হওয়ার সময় তাঁর পাশে ছিলেন ওই তরুণী। পরে নেটিজেনরা তাঁকে ডেনমার্কের গায়িকা-গীতিকার ভিনি তাকাইর বলে শনাক্ত করেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে আবারও আরিয়ান খানের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।লন্ডনে ক্যাসিনো থেকে বের হওয়ার সময় আরিয়ানের পাশে রহস্যময়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *