কুমিল্লার হোমনা থানা থেকে হাসপাতালে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় মাদক মামলার আসামি থানা–সংলগ্ন তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ইসমাইল মিয়া (৩৫) হোমনা উপজেলার পঞ্চবটি সোলেমান শাহ মাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে হোমনা উপজেলার পঞ্চবটি সোলেমান শাহ মাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী ইসলাম মিয়াকে ১৭টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন স্থানীয় লোকজন। তাঁকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আসামি ইসমাইলকে থানা হেফাজতে রেখে মামলার কার্যক্রম সম্পন্ন করার পর তিনি বলেন, মারধরের কারণে তিনি ভীষণ অসুস্থ বোধ করছেন। পুলিশ রাতেই আসামি ইসমাইলকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। এ সময় সুযোগ বুঝে ইসমাইল থানা–সংলগ্ন তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাৎক্ষণিক বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ইসমাইলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইসমাইল মিয়াকে সোমবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া।