সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার
ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

ভিসা আবেদনে তথ্য গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হামজা নজর। পাশাপাশি তাঁকে ১০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ সফরের ভিসা আবেদন প্রক্রিয়ার ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান ও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা।

পিসিবি তদন্তের পর শৃঙ্খলাবিধির নিয়ম লঙ্ঘনের দায়ে হামজাকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। তদন্তে দেখা গেছে তিনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় সম্পূর্ণ ও সঠিক বিবরণ দেননি। বরং বিভ্রান্তিকর তথ্য জমা দিয়েছেন ও মূল তথ্য গোপন করেছেন। তবে তিনি কী ধরনের ভুল তথ্য দিয়েছেন বা গোপন করেছেন, তা জানায়নি পিসিবি।

হামজার ভিসা আবেদনের অভিযোগ তদন্ত করতে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। শৃঙ্খলা প্রক্রিয়ার অংশ হিসেবে এই অলরাউন্ডারকে ঘটনা ব্যাখ্যা করার ও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

পরে তদন্ত কমিটি প্রমাণের পাশাপাশি হামজার জমা দেওয়া বিবরণী পর্যালোচনা করে পিসিবির কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয় পিসিবি।  

এক বিবৃতিতে তারা ‘ভুল উপস্থাপন ও বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়া’কে গুরুত্বসহকারে দেখে জানিয়ে লিখেছে, ‘পিসিবি কোনো ব্যক্তিকে বোর্ড, পাকিস্তান ক্রিকেট বা লাখ লাখ সমর্থক যারা খেলাটিকে অনুসরণ করে, তাদের সুনাম ক্ষুণ্ন করতে দেবে না।’

সাম্প্রতিক সময়ে হামজা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণির, ১৫টি লিস্ট ‘এ’ ও ১০টি টি–টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল তাঁর। তবে ভিসাপ্রক্রিয়ায় এই অস্বচ্ছতার পর তাঁর সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

About Editor Todaynews24

Check Also

‘আগের সরকার গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় কূপ খনন করেনি’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, আগের সরকার গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় গ্যাসকূপ খনন করেনি। দেশে নতুন কূপ সৃষ্টি ও গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়নি। বিএনপি দায়িত্ব নেওয়ার আগেই এসব সমস্যা ছিল। পাঁচ মাসে সবকিছু সমাধান হয়ে যাবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *