বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের যাত্রা ও ব্যাংকের সঙ্গে অংশীদারি উদ্যাপন করেছে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। এ জন্য সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘পাওয়ারিং গ্লোবাল কানেক্টিভিটি’ শীর্ষক বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করে ব্যাংকটি। এক বিজ্ঞপ্তিতে এইচএসবিসি এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়াহ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভির গণি। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন সৌদিয়ার ট্রেজারি অ্যান্ড ট্যাক্সেশন বিভাগের এভিপি মোহাম্মদ আলসিলিমানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান এ আলআলি এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য, হজ ও ওমরাহ যাত্রা এবং আর্থিক সহযোগিতায় অনন্য অবদানের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ, পদ্মা অয়েল, ইউনাইটেড লিংক, ফার্স্ট ফরওয়ার্ডিং—এই ছয় প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, সৌদিয়া ও এইচএসবিসির মধ্যকার শক্তিশালী অংশীদারত্ব দেখায় কীভাবে একটি বিশ্বমানের এয়ারলাইনস এবং একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংকের সহযোগিতা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশে যাত্রী ও বাণিজ্যের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এইচএসবিসি তাদের বিশেষায়িত ব্যাংকিং দক্ষতা ও স্থানীয় বাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৌদিয়ার কার্যক্রম প্রসারে সহায়তা করছে। তার মাধ্যমে দেশের জন্য নিরবচ্ছিন্ন বৈশ্বিক সংযোগ নিশ্চিতে ভূমিকা রাখছে।