সর্বশেষ খবর
Home / সকল আপডেট / প্রথম পত্রের বদলে পরীক্ষার্থীদের দেওয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন, এরপর যা হলো
প্রথম পত্রের বদলে পরীক্ষার্থীদের দেওয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন, এরপর যা হলো

প্রথম পত্রের বদলে পরীক্ষার্থীদের দেওয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন, এরপর যা হলো

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা বিষয়টি কক্ষ পরিদর্শককে জানালে তাৎক্ষণিক ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নেওয়া হয়। পরে পাশের কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নের ব্যবস্থা করা হয়।

আজ সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উপজেলার সেতাবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ৩০১ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব থেকে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৯২ জন। এর মধ্যে ৩০১ নং কক্ষে ব্যবসায় শিক্ষা শাখার ৯ জন পরীক্ষার্থী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন। বিষয়টির দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ২৯ জুলাই।

এ বিষয়ে কথা হয় পরীক্ষা কমিটির হল সুপারের দায়িত্বে থাকা সেতাবগঞ্জ মহিলা কলেজের শিক্ষক আবুল কাশেমের সঙ্গে। তাঁর ভাষ্য, প্রশ্নপত্রের খামের গায়ে প্রথম পত্র লেখা ছিল। সেই অনুযায়ী পশ্নপত্রের খাম নিয়ে আসা হয়। কিন্তু পরীক্ষার হলে খাম খোলার পর দেখা যায় ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে আসেন। পরে পাশের কেন্দ্র (সেতাবগঞ্জ সরকারি কলেজ) থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে পরীক্ষা পরীক্ষা নেওয়া হয়েছে। এতে প্রায় ১০ মিনিট বিলম্ব হয়েছে। পরে শিক্ষার্থীদের ১০ মিনিট বাড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন, কেন্দ্র সচিবের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানা।

ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান। তিনি জানান, প্রশ্নপত্র সাজানোর সময় হয়তো কোনো ভুল হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরও যে কয়েকজন দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে।

প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র কয়েকজন পরীক্ষার্থীর হাতে চলে গিয়েছিল বলে স্বীকার করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন। তিনি দাবি করেন, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়েছে। কোনো বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা যতই হোক প্রতিটি খামে ২০ থেকে ৫০টি প্রশ্ন থাকে। ফলে পাশের কেন্দ্রে বাড়তি প্রশ্ন ছিল।

দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র শিক্ষার্থীরা দেখে ফেলায় কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের চারটি সেট থাকে। যেহেতু দ্বিতীয় পত্রের একটি সেট পরীক্ষার্থীরা দেখে ফেলেছে, তাই ২৯ জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয় পত্রের পরীক্ষায় বিকল্প সেটের প্রশ্নপত্র ব্যবহার করা হবে।

About Editor Todaynews24

Check Also

জিমে ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে জসিমপুত্রের মৃত্যু, কী হয়েছিল সেদিন

জিমে ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে জসিমপুত্রের মৃত্যু, কী হয়েছিল সেদিন

রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে হারানোর এক বছর পূর্ণ হলো আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *