Tuesday , 10 March 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / সারা দেশ / আগাম তরমুজ চাষের সম্ভাবনা পলিব্যাগে

আগাম তরমুজ চাষের সম্ভাবনা পলিব্যাগে

একদিকে পাকা আমন ধান কাটায় ব্যস্ত চাষিরা, অন্য দিকে মাঠের এক কোণে বড় হচ্ছে তরমুজের চারা। যুগের সাথে তাল মিলিয়ে কৃষকরা এখন আর পিছিয়ে নেই। দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে সোনালী রঙে ছেয়ে থাকা পাকা আমন ধান কাটার পরেই কৃষকরা স্বপ্ন বুনবেন ঢোড়াকাটা কালো কিংবা সবুজ রঙের তরমুজে।

মূল জমিতে আমন ধান থাকায় তরমুজ চাষের জন্য জমি উপযোগী হতে কিছুটা বিলম্ব হয়। এ বিলম্ব কাটিয়ে ওঠতেই তরমুজের উর্বর ভূমিখ্যাত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষকরা আগাম তরমুজ চাষের জন্য পলিব্যাগে তরমুজের চারা উৎপাদন করছেন।

সরেজমিনে দেখা যায়, ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালীচর ও চরমোন্তাজের ৬ নং ওয়ার্ডসহ একাধিক জায়গায় তরমুজ চাষের এ আগাম প্রজেক্টের চিত্র।

মূল জমিতে আমন ধান কাটার পরে জমি ফাঁকা হলে সেখানে শুরু হবে তরমুজ চাষের কার্যক্রম যেমন- রোদে জমি শুকানো, কয়েক ধাপে চাষাবাদ, প্রস্তুতকৃত জমিতে তরমুজের মাদা (গোলাকার মাটির বেড) তৈরি ইত্যাদি।

প্রস্তুতকৃত এ মাদায় তরমুজের চারা রোপণের আগেই ক্ষেতের পাশে, বাড়ির উঠানে কিংবা মাঠের কোণে সুবিধাজনক জায়গায় পলিব্যাগে লাগানো হয়েছে তরমুজের বীজ। পলিতে লাগানো চারার বয়স যখন এক মাস (২০-২৫ দিন) ছুঁই ছুঁই, ঠিক তখনই এ চারা লাগানো হবে জমিতে প্রস্তুতকৃত মাদায়।

যার ফলে ২০-২৫ দিন আগেই ফলন পাওয়াসহ আগাম তরমুজ উৎপাদন করে কিছুটা বেশি দাম পাবেন কৃষকরা। পলিব্যাগে বেড়ে ওঠা চারা প্রচণ্ড রোদ, বৃষ্টি কিংবা অনাকাক্সিক্ষত প্রাকৃতিক দুর্যোগ থেকে সহজেই রক্ষা করা যাবে।

এ ছাড়া, সরাসরি খেতে রোপণ করা চারা মারা গেলে নতুন করে বীজ গজিয়ে চারা পুনঃস্থাপন করা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু পলিব্যাগে করা চারা মূল জমিতে লাগানোর পর কোনো চারা মারা গেলেও সেখানে একই বয়সী চারা পুনঃস্থাপন করা অতি সহজ।পলিতে চারা করলে বীজের পরিমাণ কম লাগে।

এতে উৎপাদন খরচও কমে যায়। সময় সাশ্রয়ের পাশাপাশি খরচ কম হওয়ায় বেশিরভাগ তরমুজ চাষি এভাবেই তরমুজ চাষের দিকে ঝুঁকছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গত বছর ভালো ফলন হওয়ায় এবার রাঙ্গাবালী উপজেলায় ৯-১০ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হতে পারে। গত বছর এ উপজেলায় পাঁচ হাজার ৬০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, আগাম তরমুজ চাষের এ পলিব্যাগ পদ্ধতি বেশ আগ্রহ নিয়েই গ্রহণ করছেন কৃষকরা। এতে তারা আগাম ফলন পাওয়ায় বেশ লাভবান হতে পারবেন।

About Editor Todaynews24

Check Also

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে ২ বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *